SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ঋতব্রত তৃণমূল আর NCPI এবার একসঙ্গে? মুখ খুললেন রচনা, কী বললেন সাংসদ?

রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন রাজনৈতিক জল্পনা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী বিধায়ক গোষ্ঠী ও এনসিপিআইয়ের ২০ সাংসদ কি একসঙ্গে কাজ করছেন?

Written By Debasmita Das
Published: Nov 26, 2026, 17:14 IST | Updated: Nov 26, 2026, 17:44 IST
Join

কমলাক্ষ ভট্টাচার্য: এদিন কোলঘাটে সড়ক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে আসেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী।  সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একমঞ্চে দেখা যায় এনসিপিআইয়ের সাংসদের। সেই মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এনসিপিআই সাংসদ রচনা বলেন, 'সবাই একসঙ্গে কাজ করছি। আমরা সবাই একসঙ্গে আছি। ঋতব্রতর তৃ়ণমূল যেমন আছে আমরা এনসিপিআইয়ের ২০ জন সাংসদ আমরা একসঙ্গে কাজ করছি।' রচনা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য়েই প্রশ্ন উঠছে ঋত তৃণমূল এবং এনসিপিআই কি এক? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে একজোটে এরাই মুখ? রচনার ইঙ্গিতপূর্ণ মন্তব্য অন্তত সেই কথাই বলছে।

রচনার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কারণ, বিভিন্ন সময়ে এনসিপিআই সাংসদরা ঋত তণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে রাখঢাক রাখলেও এদিন রচনা তা রাখেননি। বরং উন্নয়নের প্রশ্নে তারা একসঙ্গে কাজ করছে বলেই নিজের মত প্রকাশ করেছেন তিনি। এর আগে রাজ্য়ের পালাবদলের পর তৃণমূল কংগ্রেস ভেঙে যায় এবং সেই পরিস্থিতিতেই তৃণমূলের ২০ জন সাংসদ যোগ দেন এনসিপিআই-এ। 

আরও পড়ুন, 'বাংলার জাতীয় সড়ক আমেরিকার মতো হয়ে যাবে'! পরিবহণে 'ডবল ইঞ্জিনে'র গতি

কীভাবে ভাঙল তৃণমূল?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে বড় ভাঙন দেখা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মূল দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন একাংশের বিধায়ক ও সাংসদ। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের একটি গোষ্ঠী তৈরি হয়। অন্যদিকে লোকসভার ২০ জন বিদ্রোহী সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

তৃণমূলের মোট ২৭ জন লোকসভা সাংসদের মধ্যে ২০ জন দল ছেড়ে এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হন। এই সাংসদদের নেতৃত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক পরিচিত মুখ। এই সাংসদরা এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি সংসদে এনডিএ সরকারের প্রতি সমর্থন জানান। ফলে তৃণমূলের সঙ্গে তাঁদের রাজনৈতিক দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।

ঋতব্রতর শিবিরে কতজন বিধায়ক?

অন্যদিকে, বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়কদের গোষ্ঠীও শক্তি বাড়ানোর দাবি করেছে। ঋতব্রতর দাবি অনুযায়ী, তাঁদের সঙ্গে রয়েছেন প্রায় ৬৫ জন বিধায়ক। তবে এই গোষ্ঠী এনসিপিআইয়ে যোগ দেয়নি। আগেই ঋতব্রত স্পষ্ট জানিয়েছিলেন, লোকসভার ২০ জন সাংসদ এনসিপিআইয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটি তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। বিধানসভার বিদ্রোহী বিধায়কদের এনসিপিআইয়ে মিশে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। তাই তৃণমূলের বিদ্রোহী সাংসদদের একাংশ এনসিপিআইয়ের সঙ্গে যুক্ত হলেও বিধায়কদের গোষ্ঠী নিজেদের আলাদা রাজনৈতিক পরিচয় বজায় রেখেছে।

আরও পড়ুন, '৩৫ হাজার কোটি টাকার কাজ চলছে, ১ লক্ষ কোটির প্রকল্প ঘোষণা', কোলঘাটে 'কল্পতরু'

তবে এতকিছুর মধ্যে এই জল্পনা বার বার এসেছে তাহলে কি ঋতব্রত তৃণমূল ও এনসিপিআই বিজেপিরই বি টিম? এদিন রচনার মন্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES