'বাংলায় ধর্ষণকারী-গুন্ডাদের জায়গা নেই, বাংলাদেশ ভাগো', রতন শেখের এনকাউন্টারের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Ratan Sheikh Death: শুভেন্দু অধিকারী বলেন, কুখ্যাত ক্রিমিন্যাল। ৩৬টি মামলা ছিল ওর বিরুদ্ধে। পুলিসকে গুলি করলে পুলিস তো আর পুষ্পবৃষ্টি করবে না!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার শান্তিনিকেতনে এক পুলিসকর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। আর রবিবার পুলিসের গুলিকে খতম রতন শেখ। খুন, রাহাজানি, ডাকাতি-সহ মোট ৩৬টি মামলা ছিল রতনের বিরুদ্ধে। ওই খবর পেয়ে দুষ্কৃতী, ধর্ষণকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রবিবার গোপন সূত্রে খবর পেয়ে রতনকে ধরতে ফের অভিযান চালায় পুলিস। রতনকে ধরতেও সক্ষম হয় পুলিস। জেরায় সে তার অপরাধের কথা স্বীকার করে। একটি ইটভাটায় তার অস্ত্র লুকিয়ে রাখার কথাও স্বীকার করে। সেই অস্ত্র উদ্ধার করতে গিয়েই বিপত্তি। নানুরে চারকোল গ্রামের কাছে একটি ইটভাটা থেকে অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে যায় পুলিস। সেখানেই অস্ত্র বের করে হঠাত্ পুলিসকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় রতন। সেই গুলি এসে লাগে পুলিসের গাড়িতে। এরপরই পাল্টা গুলি চালায় পুলিস। তাতেই গুরুতর আহত হয় রতন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেররা মৃত বলে ঘোষণা করেন।
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিস কর্মীকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, পুলিসের রক্ত বৃথা যাবে না। ওই পুলিস কর্মীর গুলি বের করা হয়েছে। কিন্তু তাঁর পায়ের হাড় ভেঙেছে। তাঁকে কলকাতায় আনা হয়েছে।
আরও পড়ুন-গত ৬ মাসে রাজ্যে পঞ্চম, এনকাউন্টারে নিহত রতন শেখ
এদিকে, রতন শেখের এনকাউন্টারের পর রাজ্যের দুষ্কৃতী ও ধর্ষকদের উদ্দেশ্যে কড়া মনোভাব প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রবিবার ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রতন শেখ সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, কুখ্যাত ক্রিমিন্যাল। ৩৬টি মামলা ছিল ওর বিরুদ্ধে। পুলিসকে গুলি করলে পুলিস তো আর পুষ্পবৃষ্টি করবে না! পুলিসকে খোলা হাত দেওয়া আছে। বিশ্বজিত্কে যখন গুলি করে তখন বিশ্বজিত পারেনি বা সময় পায়নি। পুলিসকে গুলি করতে এলে পুলিস কি বাতাসা খাওয়াবে নাকি? বাংলায় ধর্ষণকারী, খুনি, গুন্ডাদের কোনও জায়গা নেই। জেনে রাখুন। পুলিসকে গুলি করতে এলে পুলিস ব্যবস্থা নেবে। সব গুন্ডা এখান থেকে ভাগো। বাংলাদেশ ভাগো। এখানে থাকলে যা করার করে দেব। বাংলায় একজন ধর্ষণকারী, একজন গুন্ডাও থাকবে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)