দেবব্রত ঘোষ: কয়েকদিন ধরেই চোরবাগানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের লোকজনদের সান্তনা দেওয়ার পাশাপাশি তাদের হাতে আর্থিক সাহায্যও তুলে দিচ্ছেন। শনিবার গিয়েছিলেন হাওড়ার সালকিয়ায়। সেখানে এক শিশুর সঙ্গে সেলফিও তোলেন শুভেন্দু অধিকারী।
ছোটদের মোবাইল ব্যবহার করা ঠিক নয় একথা অনেকেই বলেন। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক ছোট্ট শিশুকে কাছে পেয়ে বললেন মোবাইল ব্যবহার না করে পড়াশোনা করতে। আজ এমনই ঘটনা ঘটল উত্তর হাওড়ার সালকিয়ার কামিনী স্কুল লেনে।
সন্ধে আটটা নাগাদ মুখ্যমন্ত্রী কামিনী স্কুল লেনে আসেন মুখ্যমন্ত্রী। চোরবাগান কাণ্ডে মৃত বিকাশ ভট্টাচার্যর বাড়িতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে বাইকে ওঠার সময় এলাকার ছোট্ট ছেলে রাজদীপ পাল মুখ্যমন্ত্রী সঙ্গে সেলফি তোলার জন্য এগিয়ে আসে। রাস্তা সরু হওয়ায় বাইকে চড়ে মৃত বিকাশ ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজদীপ সেলফি তোলার আবদার করতেই তিনি দাঁড়িয়ে পড়েন। বাইকে ওঠার আগে হেলমেট খুলে ওই শিশুর আবদার মেটান।
মোবাইল হাতে রাজদীপ কাছে আসতেই মুখ্যমন্ত্রী তাকে বলেন, 'তুই ক্লাস টেন পর্যন্ত মোবাইলে হাত দিবি না। তোকে লাস্ট বলে দিলাম।' তবে কিছুটা বকুনির সুরে ওই কথা বলার পরও ছোট্ট রাজদীপকে কাছে টেনে নিয়ে সেলফি তোলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, শনিবার সালকিয়ার স্বজনহারা পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আর্থিক সহায়তা পাশাপাশি পরিবারের একজনের চাকরির প্রতিশ্রুতি দেন তিনি। পরিবারের লোকজন খুশী। মূল রাস্তা থেকে বাড়ীতে আসার রাস্তা সরু থাকায় আজ জি টি রোড থেকে বাইকে চড়ে আসেন তিনি। প্রতিমন্ত্রী উমেশ রাই তাকে বাইকে চাপিয়ে নিয়ে আসেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)