মদ্যপ সিভিক ভলান্টিয়ারের তাণ্ডব! মহিলাদের গালিগালাজের প্রতিবাদ করতেই রড মেরে ফাটাল মাথা
Civic volunteer assaults: হাওড়ার জগৎবল্লভপুরে মদ্যপ অবস্থায় মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় এক ব্যক্তির মাথা ফাটানোর অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে দুজনকেই আটক করেছে পুলিস।
দেবব্রত ঘোষ: সিভিক ভলেনটিয়ারের দাদাগিরি। প্রতিবাদ করতেই রড দিয়ে মাথা ফাটানোর অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জগৎবল্লভপুরে। অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও তাঁর ভাইকে।
সিভিক পুলিশের পরিচয় কি তবে এলাকায় প্রভাব খাটানোর হাতিয়ার? সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধেই উঠল মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগ। মহিলাদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ। প্রতিবাদ করায় এক ব্যক্তিকে রড দিয়ে মাথায় আঘাত করার মতো গুরুতর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জগৎবল্লভপুরের গোবিন্দপুর শিবতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রসেনজিৎ জেটি নামে এক ব্যক্তির বাড়ির পাশের মাঠে দিব্যেন্দু আদক নামে এক সিভিক ভলেন্টিয়ার তাঁর ভাই ও বন্ধুবান্ধব নিয়ে মদ্যপান করছিলেন বলে অভিযোগ। সেই সময় এলাকার কয়েকজন মহিলাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল বলেও অভিযোগ। বিষয়টি সহ্য করতে না পেরে প্রতিবাদ করেন প্রসেনজিৎ। আর সেই প্রতিবাদের জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই দিব্যেন্দু আদক রড দিয়ে প্রসেনজিতের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর আক্রান্তের পরিবারের তরফে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিস দিব্যেন্দু আদক ও তাঁর ভাই শুভেন্দু আদককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন, একলাফে ১০,০০০ টাকা বেতন বৃদ্ধি! রাজ্যের এই কর্মীদের বেতন বাড়াল সরকার, কারা কত পাবেন এবার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)