শিল্পে অমরত্ব লাভ, মোমের জুবিন গর্গ! আসানসোলের মোমের জাদুঘরে নতুন আকর্ষণ
আসানসোলের মহিশীলায় শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম ও শিস মহলে নতুন আকর্ষণ প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মোমের মূর্তি। মূর্তিটির আনুষ্ঠানিক উন্মোচন করলেন আসানসোল বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য।
বাসুদেব চট্টোপাধ্য়ায়: মোমের জুবিন গর্গ! আসানসোলের মোমের জাদুঘরে জুবিন গর্গ। নতুন আকর্ষণ প্রয়াত গায়কের মোমের মূর্তি। আসানসোলের মহিশীলার সুপ্রসিদ্ধ সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম ও শিস মহলে এবার নতুন আকর্ষণ প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মোমের মূর্তি। সম্প্রতি এই মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করলেন আসানসোল বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য।
শিল্পাঞ্চলের বুকে গড়ে ওঠা এই মোমের জাদুঘর ইতিমধ্যেই নানা ধরনের জীবন্ত মূর্তি ও অভিনব শিল্পকর্মের জন্য দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। শিল্পী সুশান্ত রায়ের আমন্ত্রণে সেখানে উপস্থিত হয়ে তাঁর তৈরি জুবিন গর্গের মোমের মূর্তির আবরণ উন্মোচন করেন দেবতনু। নিজের শহর আসানসোলের মহিশীলায় এমন অসাধারণ শিল্পকর্ম দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। শিল্পী সুসান্ত রায়ের দক্ষতা ও সৃজনশীলতার প্রশংসা করে দেবতনু বলেন, এই ধরনের শিল্পকর্ম আসানসোলের গর্ব। তাঁর তৈরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমের মূর্তিও বিজেপির রাজ্য কার্যালয়ে সম্মানের সঙ্গে স্থান পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দেবতনুর কথায়, শিল্পের কোনও সীমা নেই। একজন শিল্পী তাঁর সৃষ্টির মধ্য দিয়েই চিরকাল বেঁচে থাকেন। এদিন শিল্পী সুসান্ত রায়কে তাঁর অনন্য সৃষ্টির জন্য অভিনন্দন ও শুভেচ্ছাও জানান তিনি। উল্লেখ্য, মহিশীলার সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়াম ও শিস মহল শুধু আসানসোল নয়, ভিন এলাকা থেকেও দর্শনার্থীদের আকর্ষণ করছে। নতুন সংযোজন জুবিন গর্গের মোমের মূর্তি সেই আকর্ষণে আরও মাত্রা যোগ করল।
আরও পড়ুন, আসানসোলে কোলিয়াড়িতে উচ্ছেদের নোটিশ! প্রতিবাদে থমকে পরিবহণ , তুমুল উত্তেজনা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)