অয়ন ঘোষাল: ক্যাটেগরি ৪ হ্যারিকেনে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় অর্ণব? অর্ণবের তাণ্ডবে তছনছ হবে সবকিছু? এমন একটা আশঙ্কা ছিল-ই। BWOT অ্যাপ অনুযায়ী আগেই জানা গিয়েছিল যে, অর্ণব ইতিমধ্যেই ক্যাটেগরি ৩ হ্যারিকেন পর্যায়ভুক্ত। আজ বিকেলের মধ্যেই ক্যাটেগরি ৪ হ্যারিকেনে পরিণত হবে অর্ণব। উপগ্রহ মারফত পাওয়া ছবিও বলছিল, আর ঘণ্টা তিনেকের মধ্যে ক্যাটেগরি ৪ হ্যারিকেনের সমতুল শক্তিশালী অতি তীব্র ঘূর্ণিঝড় হতে চলেছে অর্ণব। অবশেষে আশঙ্কা-ই সত্যি হল, ক্যাটাগরি ৪ হ্যারিকেন লেভেলের ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'।
রাজ্যে বৃষ্টি শুরু
ইতিমধ্যেই রাজ্যে অর্ণবের পরোক্ষ প্রভাব শুরু হয়ে গিয়েছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কাঁথিতে। অর্ণবের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে পশ্চিম মেদিনীপুরেও। দুপুরের পর থেকে আকাশ কালো করে মেঘ ঘনিয়ে আসে। প্রথমে শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। এরপর থেকে মুষলধারে শুরু হয় বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, বেলদা-সহ একাধিক এলাকায়। মঙ্গলবার দুপুরে ঝোড়ো হাওয়ার দাপটে বিভিন্ন জায়গায় একাধিক গাছ ভেঙে পড়ে। কোথাও উড়ে যায় টোটো, আবার কোথাও ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্য়েই দুই উপকূলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় 'অর্ণব' ঘণ্টায় ২৩ কিমি বেগে উপকূলের দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড় অর্ণবের ঘূর্ণায়মান গতিবেগ এই মুহূর্তে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়। আরও গতি বাড়িয়ে সমুদ্রেই এর ঘূর্ণায়মান গতিবেগ ১৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। ২৮ অক্টোবর বুধবার অন্ধ্রপ্রদেশের ইয়ানামের কাছে ১৪০ কিমি বেগে ল্যান্ডফলের সম্ভাবনা। রেড অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশে।
ক্যাটেগরি ৪ হ্যারিকেন 'অর্ণব'?
আজ ২৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় 'অর্ণব'। তারপর উত্তর-পশ্চিম দিকে বাঁক নিয়ে ২৮ অক্টোবর দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের উপকূল অতিক্রম করবে ক্যাটেগরি ৪ হ্যারিকেনের সমতুল শক্তিশালী অতি তীব্র ঘূর্ণিঝড় অর্ণব। তখন ঝড়ের গতিবেগ ১১৫-১২৫ কিমি থাকবে বলে পূর্বাভাস। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত।
ল্যান্ডফলের আগেই অন্ধ-ওড়িশা উপকূলে খেল দেখানো শুরু করেছে অর্ণব। পুরী সহ দক্ষিণ ওড়িশার একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে মুষলধারে। অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় সতর্কতা জারি রয়েছে। বাংলায় সরাসরি ল্যান্ডফল না হলেও, ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে এর প্রভাব পড়বে। ৪০-৫০ কিমি বেগে ঝড় ও ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার প্রভাব এখনই পড়তে শুরু করে দিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)