'শিক্ষিতা মহিলাদের শারীরিক-মানসিকভাবে ব্যবহার করেছেন ব্রাত্য-ইন্দ্রনীল...বিচার হবেই'! বিস্ফোরক অভিযোগ
ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিযোগ তুলে একদিন বিচারের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কী বললেন বিজেপি সাংসদ?
চিত্তরঞ্জন দাস: ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তৃণমূলের একাংশের নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে শিক্ষিতা মহিলাদের শারীরিক ও মানসিকভাবে ব্যবহার করার অভিযোগ তুলেছেন তিনি। একইসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে যুব সমাজের ক্ষতি করার অভিযোগ তুলে সরব হয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। মঙ্গলবার দুর্গাপুর থেকে এই মন্তব্য করেন তিনি।
‘যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ব্রাত্য’
ব্রাত্য বসুকে আক্রমণ করে সৌমিত্র খাঁ বলেন, যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর বিচার একদিন হবেই বলেও মন্তব্য করেন তিনি। সৌমিত্র খাঁর অভিযোগ, তৃণমূলের কিছু নেতা ও মন্ত্রী মহিলাদের কখনও শারীরিকভাবে, কখনও মানসিকভাবে ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর নাম উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন, 'যতদিন না হচ্ছেন, রাহুল গান্ধীর মতো মক মুখ্যমন্ত্রী হতে পারেন'! অভিষেককে তীব্র
ব্রাত্য বসুকে নিশানা করে আরও আক্রমণ শানান বিজেপি সাংসদ। তাঁর বক্তব্য, তৃণমূলের সবকিছু গ্রহণ করার পর এখন পরিস্থিতি বদলাতেই সেই দলকে বর্জ্য পদার্থ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তৃণমূল থাকবে কি থাকবে না, তা নিয়ে ব্রাত্য বসু কী বলছেন, তাতে কিছু যায় আসে না।
তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে কী বললেন?
তৃণমূলের একাংশের নেতাদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয় সৌমিত্র খাঁকে। উত্তরে তিনি জানান, বিজেপি একটি বড় রাজনৈতিক দল। কারা দলে যোগ দেবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন যে সিদ্ধান্ত নেবেন, সেটাই দলের সিদ্ধান্ত বলে জানান তিনি। অর্থাৎ, তৃণমূলের কোনও নেতা বিজেপিতে যোগ দিতে চাইলে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বের পরিবর্তে কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই থাকবে বলে তাঁর বক্তব্য।
‘ওয়াশ মেশিন’ বিতর্কে তৃণমূলকে পাল্টা আক্রমণ
একসময় বিজেপিকে ‘ওয়াশ মেশিনের দল’ বলে কটাক্ষ করত তৃণমূল। সেই প্রসঙ্গ তুলেও পাল্টা আক্রমণ করেন সৌমিত্র খাঁ। তাঁর দাবি, যাঁরা একসময় বিজেপিকে ওয়াশ মেশিন বলে আক্রমণ করতেন, তাঁরাই এখন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য বেশি আগ্রহী হয়ে উঠেছেন। সৌমিত্রর বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং সম্পদ কীভাবে সুরক্ষিত রাখা যায়, তা নিয়েই অনেকে চিন্তিত।
আরও পড়ুন, উচ্ছেদ নয়, গঙ্গাসাগরে বিকল্প ব্যবস্থায় শুটকি মাছ ব্যবসায়ীদের সুরক্ষার আশ্বাস বিধায়কের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)