ঘরে ২১ জনের হিটলিস্ট! প্রথমেই স্ত্রীর নাম, গঙ্গারামপুরের বীভৎস ঘটনার তদন্তে নয়া মোড়
Gangarampur Incident: স্ত্রীকে প্রথমে ছুরি দিয়ে খুন। পরে দা দিয়ে গলা কেটে নিয়ে মন্দিরে গিয়ে বসে স্বামী....
শ্রীকান্ত ঠাকুর: স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। স্ত্রী সীমা সরকার ঘোষকে খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বামী রিন্টু ঘোষকে বুধবার ঘটনার পুনর্নির্মাণের জন্য তাঁর বাড়িতে নিয়ে আসে গঙ্গারামপুর থানার পুলিস।
পুলিসের উপস্থিতিতে অভিযুক্তের বয়ানের ভিত্তিতে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। আর তাতেই সামনে আসে খুনের নৃশংসতার আরও কিছু তথ্য। পাশাপাশি অভিযুক্তের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি চিঠি, যেখানে ২১ জনের নামের তালিকা রয়েছে বলে জানা গিয়েছে। আশ্চর্যের বিষয়, সেই তালিকায় সবার প্রথমে রয়েছে মৃত স্ত্রী সীমা সরকার ঘোষের নাম। ওই তালিকা কী কোনও হিটলিস্ট? তালিকার সঙ্গে হত্যাকাণ্ডের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা ভাবাচ্ছে পুলিসকে।
ঘটনার পুনর্নির্মাণের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্ত রিন্টু ঘোষকে ফের গঙ্গারামপুর থানায় নিয়ে যায় পুলিস। উদ্ধার হওয়া চিঠি এবং নামের তালিকার প্রকৃত উদ্দেশ্য কী, এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন-বাড়ির জন্য আনা হয়েছিল মার্বেল, ভ্যান থেকে নামাতে গিয়ে মুহূর্তে মর্মান্তিক পরিণতি গৃহবধূর
তদন্তে আরও উঠে এসেছে, ঘটনার দিন অভিযুক্ত রিন্টু ঘোষ প্রথমে তার স্ত্রীকে পেটে ছুরি দিয়ে আঘাত করে , এরপর পাশের একটি ঘরে নিয়ে গিয়ে ঘরের মেঝেতে তার স্ত্রীকে শুয়ে রেখে ধারালো অস্ত্র (হাত দা) দিয়ে বারবার গলায় কোপ বসিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেয়। রক্তাক্ত হয় ঘরের মেঝে। এরপরেই অভিযুক্ত স্বামীর রিন্টু ঘোষ তার স্ত্রীর কাঁটা মাথা নিয়ে বাড়ির মন্দিরে বসে পড়েন দুই সন্তানকে নিয়ে।
এদিকে, দিনের আলোয় পুলিসের ঘটনার পুনর্নির্মাণ ঘিরে এলাকায় নতুন করে উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। গোটা নারায়নপুর ঘোষপাড়া এলাকা এখনও থমথমে। এমন নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)