গত ২৫ বছর রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজন পাবেন চাকরি, জেনে নিন যোগ্যতা-শর্ত
WB Group D Job: চাকরির আবেদনের জন্য রয়েছে একাধিক শর্ত। জোগায় করতে হবে কী কী নথি? জেনে নিন
কমলাক্ষ ভট্টাচার্য: ২০০১ সালের পর থেকে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজনকে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নতুন সরকার। সেইমত এবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
স্কিমের নাম West Bengal Scheme for Providing Government Employment (Group D Post) to one Eligible Family Member of the Victims killed in Political Violence, 2026
কারা আবেদন করতে পারবেন?
- ১ জানুয়ারি ২০০১ বা তার পরে রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তির পরিবারের একজন।
- নিহত ব্যক্তিকে পরিবারের একমাত্র রোজগেরে হতে হবে।
- আবেদনকারী হবেন - স্বামী/স্ত্রী, ছেলে/মেয়ে (দত্তক সহ), Third Gender সন্তান। নিহত অবিবাহিত হলে বাবা-মা তার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকলে ভাই/বোন আবেদন করতে পারবেন।
- পরিবারের একজনের বেশি পাবেন না।
যোগ্যতা ও শর্ত
- আবেদনকারীকে ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। জেলা কমিটি চাইলে ছাড় দিতে পারে।
- ১লা জানুয়ারি ২০২৬ এ বয়স ১৮ বছর পূর্ণ হতে হবে এবং Group-D পদের সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকতে হবে।
- পরিবারের মাসিক আয় ৫০,০০০ টাকার বেশি হলে আবেদন গ্রাহ্য হবে না।
- পরিবারে কেউ নিয়মিত সরকারি চাকরি করলে বা পরিবারের কেউ আয়কর দিলে আবেদন বাতিল হবে।
- মৃত্যুর কারণ রাজনৈতিক হিংসা প্রমাণ করতে FIR, চার্জশিট, কোর্টে চার্জ গঠনের নথি লাগবে।
আবেদন পদ্ধতি:
ইচ্ছুক পরিবারকে Form-A তে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের কাছে আবেদন করতে হবে। সঙ্গে দিতে হবে ডেথ সার্টিফিকেট, সম্পর্কের প্রমাণ, FIR/চার্জশিট, এবং Form-D অনুযায়ী এফিডেভিট।
জেলাস্তরে DM-এর নেতৃত্বে Screening Committee (DM, SP এবং Home Dept-এর Prosecution Officer) ৯০ দিনের মধ্যে নথি যাচাই করে Home Dept-এ রিপোর্ট পাঠাবেন। জেলা কমিটি বাতিল করলে ৩০ দিনের মধ্যে Form-B তে State Level Committee-র কাছে আপিল করা যাবে, যার নেতৃত্বে থাকবেন Additional Chief Secretary, Home Department।
কীভাবে নিয়োগ
নিয়োগ হবে অতিরিক্ত Group-D পদ সৃষ্টি করে। চেষ্টা করা হবে নিজের জেলা বা কাছাকাছি পোস্টিং দেওয়ার। চাকরি পাওয়ার পর প্রতি বছর ৩১ জানুয়ারির মধ্যে Form-C তে মুচলেকা দিতে হবে যে তিনি নিহতের পরিবারের অন্য নির্ভরশীলদের দেখাশোনা করবেন।
নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হবে। সরকার জানিয়েছে, এটি কোনও অধিকার নয়, এককালীন বিশেষ অনুগ্রহ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)