নিম গাছকে বেনারসি-গহনায় সাজিয়ে কালী রূপে পুজো করা হয়, ৩০০ বছর ধরে চলে আসছে 'ঝুপো মা'-র আরাধনা
Kali Puja: কালী পুজোর দিনেই নয় সারা বছর ধরে মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে দূরদূরান্ত থেকে পূজো দিতে আসেন ভক্তরা
সন্দীপ ঘোষ চৌধুরী: নিম গাছকে বেনারসি, গহনা, ফুল, মালায় সুসজ্জিত করে মা কালী রূপে পূজো করা হয় কাটোয়া শহরের তিন নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায়। প্রায় ৩০০ বছর ধরে এই পূজো মহা ধুমধামের সঙ্গে হয়ে আসছে কাটোয়াতে।
দীপাবলী উপলক্ষে শুধুমাত্র আজকের দিনে এই নিম গাছকে সুসজ্জিত করে মা কালী রূপে পূজো করা হয় তা নয়, সারা বছর ধরেই পূজো অর্চনা করা হয়। সারা বছরই কাটোয়ার কলেজপাড়ার এই প্রকান্ড নিম গাছের প্রকান্ড গুড়িকে সুসজ্জিত করে পূজো অর্চনা হয়। আর সেই উপলক্ষে নিত্যদিন দূর দূরান্ত থেকে ভক্তদের আনা গোনা লেগেই থাকে।
মা কালী এখানে 'ঝুপো মা' নামেই খ্যাত। ঝুপো মা এর আবির্ভাবের ইতিহাস সম্পর্কে নানান গল্প কথিত আছে। আনুমানিক ৩০০ বছর আগে বর্তমান কাটোয়ার কলেজ পাড়ার এই এলাকা গভীর জঙ্গলে ঘেরা ছিল, আর সেই জঙ্গলে থাকত ডাকাতদল, তারা শক্তি আরাধনার উদ্দেশ্যেই মায়ের প্রতিষ্ঠা করে, আবার কারো মতে এই জঙ্গলে বিপ্লবীদের আত্মগোপনের আস্তানা ছিল এই ঝুপো মায়ের জঙ্গল। কারও মতে বহু তন্ত্র সাধক গভীর জঙ্গলে বসে এই নিম গাছকে মা কালী রূপে পূজো করতেন। এক কথায় বহু প্রাচীন কাল থেকেই এই নিম গাছকে মা কালী রূপে পূজো করে আসছেন ভক্তরা।
আরও পড়ুন-আলোর রোশনাই থেকে অন্তরালেই থাকেন বিদ্যাসুন্দর কালী, এখানে জড়িয়ে রয়েছে রোমাঞ্চকর উপকথা
বর্তমানে শুধুমাত্র কালী পুজোর দিনেই নয় সারা বছর ধরে মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে দূরদূরান্ত থেকে পূজো দিতে আসেন ভক্তরা। কেউ আসেন মায়ের দর্শন করতে। অতীতের সেই জঙ্গল আর নেই, জঙ্গল পরিস্কার করে গড়ে উঠেছে জনবসতি, কিন্তু প্রকান্ড সেই নিম গাছ আজও রয়ে গিয়েছে। তৈরি হয়েছে মন্দির। প্রাচীন নিয়ম মেনে প্রকান্ড এই নিমগাছকেই মা কালী রূপে আজো পূজো করা হয়। সারা বছর ধরে ভোগ, নিত্য সেবা হয়। কালী পুজোর দিন জাঁকজমক করে পূজো করা হয়। প্রতি বছরের মতো এই বছরও পুরোনো নিয়ম নীতি মেনেই ঝুপো মায়ের পূজোর আয়োজন করা হয়েছে। বহু ভক্তের সমাগমে ভরে উঠেছে মন্দির। পুজোর পরের দিন পুজোয় আগত ভক্তদের ভোগ খাওয়ানো হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)