স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগে থাকা ২০০ গ্রাম সোনা ও বিপুল নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর
Siliguri: কিছু বুঝে ওঠার আগেও ওই স্বর্ণ ব্যবসায়ীকে ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা। করা হয় মারধরও
নারায়ণ সিংহরায়: রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে ছিনতাইয়ের অভিযোগ। শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে।
দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উত্তম সরকার নামে এক গয়না ব্যবসায়ীর কাছ থেকে সোনা ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৪ দুষ্কৃতীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় এবং পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও অভিযোগ।
ব্যবসায়ীর বয়ান অনুযায়ী, দোকান থেকে বাড়ি ফেরার পথেই আচমকা তাঁর সামনে এসে দাঁড়ায় চারজন। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর তাঁর কাছে থাকা ব্যাগটি কেড়ে নেয় দুষ্কৃতীরা। ব্যাগ ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ করলে তাঁকে ড্রেনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের সাহায্যে দুষ্কৃতীদের পিছু নেওয়ার চেষ্টা করেন তিনি।
অভিযোগ, সেই সময় দুটি বাইকে চেপে পালানোর মুহূর্তে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান উত্তম সরকার। তাঁর দাবি, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ২০০ গ্রাম সোনা এবং নগদ দেড় থেকে দুই লক্ষ টাকা ছিল। ঘটনার পর থেকেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
আরও পড়ুন-ইন্দ্রনীলের গ্রেফতারিতে চন্দননগরে উত্সব! 'মমতার সঙ্গে গান গাইতেন', কটাক্ষ মুখ্য়মন্ত্রীর
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিস। কীভাবে এই ছিনতাইয়ের ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা বলে জানা গিয়েছে।
ব্যস্ত এলাকার মধ্যে এমন সশস্ত্র ছিনতাইয়ের অভিযোগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুই বাইকে চারজনের দল কীভাবে ঘটনাস্থলে এসে এই কাণ্ড ঘটিয়ে পালিয়ে গেল, তা তদন্ত করে দেখছে পুলিস। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করাই এখন তদন্তকারীদের কাছে প্রধান লক্ষ্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)