অরূপ লাহা: মাত্র ৪ ছটাক জমি নিয়ে বিবাদ। আর তারই জেরে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর দুই ভাইপো, স্বামী-সহ কয়েকজনের বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম হয়েছেন মৃতার মেয়ে ও তার মা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার ঘাটশিলা গ্রামে। মৃতার নাম নাসেরা বেগম (৪৫)। আহত দু’জন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, নিজের দেওরের কাছ থেকে ৬৫ হাজার টাকার বিনিময়ে চার ছটাক জমি কিনেছিলেন নাসেরা। অভিযোগ,পরবর্তী সময়ে সেই জমিই তাঁর দুই ভাইপো আসপিয়া শেখ ওরফে চাঁদ এবং শেখ সিকেন্দার ওরফে ডালিমের কাছে ফের বিক্রি করে দেন নাসেরার দেওর। এরপর থেকেই জমি ছেড়ে দেওয়ার জন্য নাসেরার উপর চাপ সৃষ্টি করছিলেন দুই ভাইপো। এই বিবাদ মেটাতে গত বৃহস্পতিবার একটি সালিশি সভাও বসেছিল বলে স্থানীয় সূত্রে খবর।
অভিযোগ, সেই বিবাদের জেরেই শনিবার সকালে নাসেরার বাড়িতে ঢুকে তাঁর উপর চড়াও হন দুই ভাইপো-সহ কয়েকজন। সেই সময় নাসেরার স্বামী শেখ লুৎফর রহমানও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। নাসেরা,তাঁর মেয়ে ও মাকে ইট,বাঁশ, লাঠি ও শাবল দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি,নাসেরার মাথায় ইট দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ উঠেছে।
চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে এসে তিন মহিলাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নাসেরার। গুরুতর জখম অবস্থায় তাঁর মেয়ে ও মা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এই হামলার অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)