ঢুকে পড়ল আখভান!... বেগে ল্যান্ডফল গোপালপুরে, 'দৈত্যে'র নাচনে বাংলার কপালে কতটা দুর্যোগ? জারি সতর্কতা
Cyclone Akvan: গোপালপুরে ৬৫-৭০ কিমি বেগে ল্যান্ডফল ঘূর্ণিঝড় আখভানের। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি কমলা ও হলুদ সতর্কতা। সোমবার দুর্যোগ কাটলে নামবে তাপমাত্রা। ২৭ নভেম্বর ফের নতুন ঘূর্ণিঝড় 'কানি'-র আশঙ্কা।
অয়ন ঘোষাল: স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় আখভানের সামনের দিকের মেঘপুঞ্জ। সকাল ৯টা থেকে ল্যান্ডফলের প্রাথমিক প্রক্রিয়া শুরু। সাড়ে ১১টায় মূল ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। সিভিয়ার নয়। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে আজ ল্যান্ডফল হবে আখভানের। ৬৫ থেকে ৭০ কিলোমিটার বেগে হবে ল্যান্ডফল। ল্যান্ডফল হবে গোপালপুরে। একাধিক বিচ্ছিন্ন অংশ বাংলা, ঝাড়খণ্ড, বাংলাদেশে চলে গিয়ে নাগাড়ে বৃষ্টিপাত ঘটানোয় আরও দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের 'আই' স্থলভাগে প্রবেশের পরই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হবে। ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হবে বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা নাগাদ। মূল ঘূর্ণিঝড়ের থেকে আউটার ক্লাউড সার্কুলেশন বেশি ব্যাপ্তি পেয়েছে। যার জেরে আজ দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী সুজীব কর।
ঘূর্ণিঝড় আখভানের ল্যান্ডফল
প্রথমে ভেরি সিভিয়ার বা অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আত্মপ্রকাশ করেছিল ঘূর্ণিঝড় আখভান। তারপর পর্যাপ্ত শক্তি বৃদ্ধির প্রায় সঙ্গে সঙ্গেই শক্তিক্ষয় হতে থাকে। ক্যাটাগরি ১ হ্যারিকেন পর্যায়ের সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আখভান। উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা হাওয়ার শক্তিশালী বলয়ের দাদাগিরি কার্যত কোণঠাসা করেছে আখভানকে। সেই শিয়ার এয়ার প্রেসারের ধাক্কায় ল্যান্ডফলের প্রায় ৩৬ ঘণ্টা আগে থেকেই ছত্রভঙ্গ হতে শুরু করেছিল আখভান। তার একাধিক অংশ মূল অংশ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে গতকাল দুপুর থেকে। সেই খণ্ডিত অংশগুলি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পৌঁছে গতকাল সকাল থেকেই নাছোড় বৃষ্টিপাত ঘটাতে শুরু করে। এখনও সেই বৃষ্টি চলছে।
বাংলায় প্রভাব
ল্যান্ড ফলের কয়েক মুহূর্তের মধ্যে ঘূর্ণিঝড় থেকে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে আখভানের অবশিষ্টাংশ। শিয়ার এয়ার প্রেসারের দাপটে সেটি ভূমিভাগে প্রবেশে বাধা পেয়ে উত্তর উত্তর পূর্ব দিকের উপকূল ধরে এগোতে শুরু করবে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে। ফলে আজ দুপুরের পর ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পরিমাণ লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায়। পরবর্তী সময় নিম্নচাপ কলকাতার খুব কাছ দিয়ে প্রথমে দক্ষিণ ২৪ পরগনা এবং পরে উত্তর ২৪ পরগনার ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে।
বাংলাদেশের পর আখভানের নিম্নচাপ আর মায়ানমারের দিকে এগোতে পারবে না। কারণ সেখানে ইতিমধ্যেই সক্রিয় একটি বিপরীত ঘূর্ণাবর্ত বা অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন। অতএব বাংলাদেশের চট্টগ্রাম খেপুপাড়া সেন্ট মার্টিন উপকূল এলাকায় প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর সোমবার দুপুরের মধ্যে সর্বহারা হবে আখভান।
আজ শুক্রবার দক্ষিণ এবং মধ্যবঙ্গের সমস্ত জেলায় ফের একবার রেইনি ডে পরিস্থিতি। সারাদিন বৃষ্টি এবং দমকা হাওয়ার হলুদ সতর্কতা বহাল। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনায় কমলা সতর্কতা। শনি এবং রবিবারও বৃষ্টি চলবে। তবে আজকের অনুপাতে কাল, পরশু বৃষ্টির পরিমাণ কমবে। অনেকটা কমবে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ। সোমবার দুপুরের পর আখভান দুর্যোগ থেকে মুক্তি পাবে বাংলা। সেদিন সন্ধ্যার পর থেকে অনেকটাই শুষ্ক হবে বাংলার আবহাওয়া।
পারদপতন
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কমবে। বৃহস্পতিবারের মধ্যে জেলায় জেলায় রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমবে। ওদিকে ২৭ নভেম্বর আরেকটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে একাধিক বেসরকারি আবহাওয়া গবেষণা মডেল। শ্রীলঙ্কা সাগরে জন্ম নিতে পারে 'কানি' নামের ওই ঘূর্ণিঝড়। নামটি মালদ্বীপের দেওয়া। 'কানি' শব্দের অর্থ সুন্দরী তরুণী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শ্রীলঙ্কা উপকূল থেকে সেটি কেরল এবং পুদুচেরি ছুঁয়ে আরব সাগরের দিকে যাবে।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত
উলুবেড়িয়া: ৭৭ মিলিমিটার
ব্যারাকপুর: ৬৭ মিলিমিটার
সল্টলেক: ৫১ মিলিমিটার
দমদম: ৫৩ মিলিমিটার
বসিরহাট: ৪৭ মিলিমিটার
আলিপুর: ৫৯ মিলিমিটার
ক্যানিং: ৬৫ মিলিমিটার
সাগর দ্বীপ : ৭০ মিলিমিটার
ঝাড়গ্রাম : ৮৩ মিলিমিটার
খড়গপুর : ৮০ মিলিমিটার
দীঘা: ৭৭ মিলিমিটার
আরও পড়ুন, ধীর গতির ঝড়ে কি বেশি বিপদ? হাইড্রোমেটিওরোলজি থেকে আকভান নিয়ে যা জানা যাচ্ছে, তাতে আঁতকে উঠতে হয়
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)