SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আগামী ২৬ নভেম্বর রাজ্যের সমস্ত স্কুলে 'সংবিধান দিবস' পালনের নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন

State to Observe Constitution Day: আগামী ২৬ নভেম্বর রাজ্যের সমস্ত স্কুলে 'সংবিধান দিবস' পালনের নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশনের তরফে রাজ্যের সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের কাছে এই মর্মে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিও।

Written By Soumitra Sen
Published: Nov 22, 2026, 13:58 IST | Updated: Nov 22, 2026, 14:02 IST
Join

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: আগামী ২৬ নভেম্বর রাজ্যের সব স্কুলে সংবিধান দিবস পালনের নির্দেশিকা জারি। আগামী ২৬ নভেম্বর রাজ্যের সমস্ত স্কুলে 'কনস্টিটিউশন ডে' তথা 'সংবিধান দিবস' পালনের নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। সমগ্র শিক্ষা মিশনের তরফে রাজ্যের সমস্ত জেলার 'ডিইও'দের কাছে এই মর্মে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

'সংবিধান দিবস'

রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশনের তরফে রাজ্যের সমস্ত জেলার 'ডিইও' তথা জেলা শিক্ষা আধিকারিকদের (DEO) কাছে এই মর্মে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুয়ায়ী, ভারতীয় সংবিধান গ্রহণের দিনটিকে স্মরণ করতে এবং সংবিধানের মূল্যবোধ ও আদর্শ সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে প্রতি বছর ২৬ নভেম্বর দিনটি 'সংবিধান দিবস' হিসেবে পালিত হয়।

কর্মসূচি

স্কুলগুলিতে যে সমস্ত কর্মসূচি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলি এরকম:

• প্রাতঃকালীন সমাবেশে সম্মিলিতভাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ

• নিজ নিজ জেলা বা রাজ্য থেকে গণপরিষদে প্রতিনিধিত্বকারী সদস্যদের সম্পর্কে গবেষণা ও বক্তব্য রাখতে পড়ুয়াদের উৎসাহিত করা

• সংবিধান-ভিত্তিক বিষয়বস্তুর উপর পোস্টার তৈরি ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন

• সংবিধানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বুকমার্ক, ব্যাজ, কোলাজ তৈরি এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা।

সমস্ত বিষয়টি সুষ্ঠুভাবে নজরদারির জন্য প্রতিটি জেলায় একজন করে জেলা স্তরের নোডাল অফিসার মনোনীত করতে বলা হয়েছে।

ভারতের সংবিধান

ভারতের সংবিধান হল ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, যা ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়েছিল এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয়েছিল। এটি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এবং খসড়া কমিটির প্রধান ড. বি. আর. আম্বেদকরকে এর প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। তবে বিপুল ও বিচিত্র হলেও ভারতের সংবিধানের বেশ কিছু প্রধান প্রধান বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়। কী সেগুলি? সেগুলি হল: শাসনব্যবস্থার প্রসঙ্গ, মৌলিক অধিকার, নীতি ও মৌলিক কর্তব্য এবং বিচারব্যবস্থা ও ভোটাধিকারের প্রসঙ্গ।

প্রধান বৈশিষ্ট্য

• শাসনব্যবস্থা: সংসদীয় গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে এককেন্দ্রিক বৈশিষ্ট্যের সমন্বয়। প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছে।

• মৌলিক অধিকার: সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকদের জন্য ৬টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। সেগুলি হল-- সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার।

• নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য: চতুর্থ ভাগে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এবং চতুর্থ-ক ভাগে নাগরিকদের মৌলিক কর্তব্য যুক্ত রয়েছে।

• স্বাধীন বিচারব্যবস্থা ও ভোটাধিকার: স্বাধীন বিচারব্যবস্থা সংবিধানের প্রাধান্য রক্ষা করে এবং ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের জন্য সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ZEENEWS TRENDING STORIES