Chandannagar Jagadhatri Puja 2026: চন্দননগরের পুজোয় এই প্রথম আধা সামরিক বাহিনী! ২৪ ঘণ্টা CCTV দেখছে সব, কটা থেকে কটা No Entry? এল বড় আপডেট
এবারই প্রথম চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় আধা সামরিক বাহিনী মোতায়েন! রয়েছে ২৪ ঘণ্টা সিসিটিভি-র নজর। পুজোর দিনগুলিতে কটা থেকে কটা নো এন্ট্রি
বিধান সরকার: বদলের বাংলায় নতুন সরকার আগেই বিরাট পদক্ষেপ নিয়েছে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে রাজ্য উৎসব বা মেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আগেই। পুজোকে কেন্দ্র করে সেখানকার সৌন্দর্যায়নের পাশাপাশি উদযাপন আরও জাঁকজমক করতে প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। প্রয়োজনে অতিরিক্ত অর্থও দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে যে, রাজ্যের মানচিত্রে চন্দননগর এবার নতুন করে জায়গা করে নিয়েছে। বিশ্বের মানচিত্রেও আগামী দিনে জায়গা করে নেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আলোর ঐতিহাসিক শহর চন্দননগরে এখন সাজো সাজো রব। উমা হৈমবতীর আরাধনায় সকলেই মাতোয়ারা। নববধূর মতো সেজেছে 'ফরাসডাঙা'। চন্দননগরের মানুষের কাছে এই পুজো তো কেবলই পুজো নয়। তাঁদের কাছে এই ধর্মীয় উৎসব সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন। আত্মিক টান অনুভব করেন তাঁরা।
আরও পড়ুন: ছটপুজোয় ২ দিন মাংসের দোকান বন্ধের নির্দেশ!
পুজোকে কেন্দ্র করে নিরাপত্তাও জোরদার
এবারই প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় আধা সামরিক বাহিনী মোতায়েন! সঙ্গে তিন হাজার রাজ্য পুলিসও দায়িত্বে। চোরবাগানের ঘটনার পর এই ধরনের বড় উৎসবে যে বেশি করে সতর্কতা নেওয়া হবে তা বলেছিলেন নেতা-মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা। মণ্ডপে ঢোকা বেরোনোর পথ যাতে প্রশস্ত হয় তা দেখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে পুজো কমিটিগুলিকে এক গুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুজো মণ্ডপের বাইরে এবং যে সব জায়গায় বেশি ভিড় হয় সেখানে পুলিসের সংখ্যা বাড়ানো হয়েছে। পুজো কমিটির স্বেচ্ছা সেবকের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা তো রয়েছেনই। ভদ্রেশ্বরের পুজোগুলিকে ৫টি জোনে ভাগ করা হয়েছে। ১১ টি সেক্টরে দায়িত্বে থাকছেন ডিসিপি ও এসিপি পদমর্যাদার অফিসাররা। এবার পুজোর অনুমতি দেওয়া হয়েছে ৪৪৬ টি পুজোকে। তিন হাজার রাজ্য পুলিসের সঙ্গে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী। যে বাহিনী অবশ্য নতুন করে আনাতে হয়নি। নির্বাচনের সময় থেকেই রয়েছে। সেই বাহিনীকে জগদ্ধাত্রী পুজোয় ব্যবহার করছে প্রশাসন। প্রতি বছর হাজার বারোশো পুলিস মোতায়েন থাকে চন্দননগরে। জল পথে প্রেট্রলিং থেকে রেল সড়ক সর্বত্র কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা ২৪ ঘন্টা চলছে নজরদারী। চন্দননগর পুলিসের পক্ষ থেকে পুজোর কটা দিন নো এন্ট্রি করা হয়েছে শহরে ঢোকার রাস্তায়। দুপুর দুটো থেকে ভোর ছ'টা পর্যন্ত নো এন্ট্রি থাকছে।
আরও পড়ুন: আখবানও রুখতে পারেনি শীতবাতাস! মরসুমের প্রাক্কালেই কাঁপতে শুরু করেছে এলাকা, নামতে শুরু করেছে পারদ
দেখার মতো শোভাযাত্রা
১৫-১৯ নভেম্বর পর্যন্ত সেখানে চলবে রাজসূয় যজ্ঞ। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ও ঐতিহ্যবাহী আলোকসজ্জিত শোভাযাত্রাও কিন্তু এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। সেটা ভুললেও চলবে না। বিসর্জন ঘিরে আলাদা উন্মাদনা তো থাকেই। সেখানেও উৎসবের ভরপুর আমেজ। বহু ক্লাবের সদস্য়রাও এই শোভাযাত্রায় পা মেলান। দূরদূরান্ত থেকেও মানুষ ছুটে আসেন এই ভুুবন ভোলানো দৃশ্য চাক্ষুস করতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)