SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, মতুয়া নেতার দুই মেয়েকেও হেনস্তা!

মতুয়া নেতার বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ৬-৭ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়। তাঁদের দুই নাবালিকা মেয়েকেও যৌন হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ।

Written By Zee 24 Ghanta Digital Desk
Published: Nov 27, 2026, 14:42 IST | Updated: Nov 27, 2026, 14:59 IST
Join

বিশ্বজিত্‍ মিত্র: গভীর রাতে মতুয়া নেতার বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকী, ওই দম্পতির দুই নাবালিকা মেয়েকেও যৌন হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। নদিয়ার চাকদহ থানা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, বুধবার গভীর রাতে প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ ৬-৭ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ওই মতুয়া নেতার বাড়িতে হানা দেয়। সকলের মুখ ঢাকা ছিল বলে অভিযোগ। বাড়িতে ঢুকেই পরিবারের সদস্যদের ভয় দেখাতে শুরু করে তারা। গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি তাঁদের ৮ ও ৬ বছরের দুই নাবালিকা মেয়েকেও যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুন, মৌসম ভবনের বুক-কাঁপানো আউটলুক! কী আছে এতে? কোথায় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে? 

এরপর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বাড়ির আসবাবপত্র, মোটরবাইক এবং একটি চারচাকা ম্যাটাডোরও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বাড়ির সামনে লাগানো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই ব্যানারে সংগঠনের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ছবি ছিল।

নির্যাতিতার স্বামী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্গে যুক্ত। তাঁর দাবি, ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রাস উৎসবে যোগ দেওয়ার পর থেকেই কয়েকজনের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন তিনি। মতুয়া পরিচয়ের কারণেই তাঁদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও হামলার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর বৃহস্পতিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। রানাঘাট পুলিস জেলার সুপার আশিস মৌর্য জানিয়েছেন, অভিযোগ পাওয়া গিয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তবে ২এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতা। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বিশেষ করে দুই নাবালিকা শিশুর উপর নির্যাতনের অভিযোগ সামনে আসায় ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন, বড়দিনে বড় বিপদের খবর‌‌! রেলপথ অচল ২০ ঘণ্টা ৫০ মিনিট! কবে থেকে কবে? 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

ZEENEWS TRENDING STORIES