দশমীর দিন ভয়ংকর কাণ্ড, অবশেষে মৃত্যু বিজেপি সমর্থকের
Budge Budge: দশমীর দিন পুজো মণ্ডপের কাছে ঝামেলা ঠেকাতে গেলে দেবাশীষ পালের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা করা হয়
অশোক মান্না: লড়াই শেষ। মৃত্যু হল বিজেপি সমর্থক দেবাশীষ পালের। দক্ষিণ ২৪ পরগনার বজবজ বিধানসভার ডোঙ্গারিয়া স্কুল মোড়ে দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে হওয়া ঝামেলায় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দেবাশীষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দশমীর দিন পুজো মণ্ডপের কাছে ঝামেলার সময় দেবাশীষ পালকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
পরিবারের দাবি,ঘটনার সঙ্গে বিজেপির ৫ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর অধিকারী ও তাঁর অনুগামীরা যুক্ত। ঘটনায় পুলিস ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে।
পরিবারের দাবি, দশমীর দিন পুজো মণ্ডপের কাছে ঝামেলা ঠেকাতে গেলে দেবাশীষ পালের উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা করা হয়। অন্যদিকে মণ্ডল সভাপতি শুভঙ্কর অধিকারীর দাবি,বিসর্জনের সময় দেবাশীষ পাল মদ্যপ অবস্থায় মণ্ডপের মধ্যে ঝামেলা করছিলেন এবং পুজো কমিটির সদস্যরা তাঁকে বাইরে বের করে দেন। যে ব্যক্তি ক্ষুর চালিয়েছিল,সে পুজো কমিটি বা বিজেপির কর্মী নয় বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন-গাইঘাটার পর এবার ধুলিয়ান, এনকাউন্টারে নিহত বিজেপি নেতা খুনে অভিযুক্ত সামাউল
মৃতের স্ত্রী সহেলী পাল প্রথমে জানান, তাঁর স্বামী কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। পরে তিনি দাবি করেন, তাঁর স্বামী বিজেপির সমর্থক ছিলেন। এরপর কান্নায় ভেঙে পড়েন তিনি। পরিবারের পক্ষ থেকে বিজেপির ৫ নম্বর মণ্ডল সভাপতি শুভঙ্কর অধিকারী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যদিও শুভঙ্কর অধিকারী অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ধৃত ব্যক্তি নিজেই ঘটনার কথা স্বীকার করেছে এবং তাঁর নাম কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)