সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি মেয়াদ উত্তীর্ণ ওষুধ! ওআরএস, ইঞ্জেকশনেরও একই হাল, চক্ষু চড়কগাছ বিধায়কের
সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গিয়ে ওষুধের মেয়াদ পরীক্ষা করতেই একের পর এক চমক! ওআরএস থেকে ইঞ্জেকশন, একাধিক সামগ্রীর মেয়াদ পেরিয়ে যাওয়ার অভিযোগ। স্বাস্থ্য পরিষেবার এমন ছবি দেখে জেলার স্বাস্থ্য আধিকারিকদের দ্বারস্থ হলেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়।
মৃত্যুঞ্জয় দাস: সরকারি হাসপাতালে রোগীদের দেওয়ার জন্য রাখা ওষুধের মেয়াদই পেরিয়ে গিয়েছে! শুধু ওষুধ নয়, মেয়াদ উত্তীর্ণ ওআরএস এবং ইঞ্জেকশনও মজুত রয়েছে বলে অভিযোগ। বাঁকুড়ার ছাতনা ব্লকের কমলপুর আয়ুষ্মান আরোগ্য নিকেতনে আচমকা পরিদর্শনে গিয়ে এমনই ছবি দেখলেন স্থানীয় বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। বিষয়টি নজরে আসতেই জেলার স্বাস্থ্য আধিকারিকদের জানান তিনি। বিধায়কের পরিদর্শনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা।
হাসপাতালের টেবিলে মেয়াদ উত্তীর্ণ ওআরএস, ওষুধ
জানা গিয়েছে, সোমবার আচমকাই কমলপুরের আয়ুষ্মান আরোগ্য নিকেতনে পৌঁছন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। হাসপাতালে মজুত থাকা ওষুধপত্র পরীক্ষা করতে গিয়ে তাঁর নজরে আসে একাধিক মেয়াদ উত্তীর্ণ সামগ্রী। হাসপাতালের টেবিলে রাখা ওআরএসের প্যাকেট পরীক্ষা করতেই দেখা যায়, সেগুলির বেশিরভাগেরই মেয়াদ পেরিয়ে গিয়েছে বলে অভিযোগ। অন্যান্য ওষুধ এবং ইঞ্জেকশন পরীক্ষা করেও একই ছবি দেখতে পান বিধায়ক। এরপরই কর্তব্যরত এএনএম কর্মীর কাছে জানতে চান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ইঞ্জেকশন কেন হাসপাতালে রাখা হয়েছে এবং সেগুলি রোগীদের দেওয়ার জন্য রাখা হয়েছিল কি না।
আরও পড়ুন, বিরাট ভাঙন মমতা তৃণমূলে: একঘরে বিধায়ক, দল ভেঙে NCPI তে যোগ ১৯ জনের, একাকী
স্বাস্থ্য আধিকারিকদের জানালেন বিধায়ক
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিধায়ক একের পর এক ওষুধ ও ওআরএস পরীক্ষা করছেন। পাশাপাশি কর্তব্যরত স্বাস্থ্যকর্মীর কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন। অভিযোগ, তাঁর প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই কর্মী। এরপরই ফোন করে জেলার স্বাস্থ্য আধিকারিকদের বিষয়টি জানান সত্যনারায়ণ মুখোপাধ্যায়। স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিকের নজরদারি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত থাকে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিধায়ক।
আগেও সরকারি হাসপাতালে অনিয়মের অভিযোগ তুলেছিলেন
উল্লেখ্য, প্রায় এক মাস আগেও বাঁকুড়ার ইন্দপুরের একটি সরকারি হাসপাতালে পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছিলেন ছাতনার বিধায়ক। সেখানেও মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেখতে পেয়েছিলেন বলে দাবি করেছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কমলপুরের আয়ুষ্মান আরোগ্য নিকেতনে একই ধরনের অভিযোগ সামনে এল।
পরপর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুত থাকার অভিযোগে প্রশ্ন উঠছে স্বাস্থ্য পরিষেবার নজরদারি নিয়ে। তবে কমলপুরের হাসপাতালে ঠিক কতগুলি ওষুধ, ইঞ্জেকশন ও ওআরএসের মেয়াদ পেরিয়েছে এবং সেগুলি রোগীদের দেওয়া হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্য দফতরের তদন্ত বা আনুষ্ঠানিক বক্তব্য সামনে এলে বিষয়টি আরও পরিষ্কার হবে।
আরও পড়ুন, তৃণমূলে বিরাট ভাঙন, NCPI এর দখলে ১৮ পঞ্চায়েত ও ৩ পঞ্চায়েত সমিতি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)