রেখা পাত্রর পর অসুস্থ আরও এক বিজেপি বিধায়ক! তড়িঘড়ি নিয়ে আসা হল কলকাতায়
কোমর ও পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল তাঁর। সোমবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার নিজে অ্যাম্বুল্যান্সে তাঁর সঙ্গে কলকাতায় আসেন।
দিব্যেন্দু সরকার: রবিবার হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। সোমবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল বিধায়ককে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার নিজে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে কলকাতায় নিয়ে যান। সেখানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও।
রবিবার দুপুরে একটি কর্মসূচিতে থাকাকালীন হঠাৎই কোমর ও পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয় হেমন্ত বাগের। এরপর তাঁকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন, উত্তপ্ত বাংলাদেশ; বিদেশমন্ত্রীকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী ! '২ দিন সীমান্ত বন্ধ করলেই...'
এরপরই উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো এদিন সকালেই আরামবাগ এসে পৌঁছন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। বর্তমানে কলকাতায় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আরামবাগের বিধায়কের। এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান ঘোষ। কলকাতাতেই আপাতত তাঁর চিকিৎসা চলবে বলে জানা গিয়েছে।
তবে রাজ্যের আরও এক বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। হিঙ্গলগঞ্জ কেন্দ্রের বিধায়িকা রেখা পাত্রকে শনিবার গভীর রাত সাড়ে তিনটে নাগাদ রেখাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় তিনি অচৈতন্য ছিলেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা অতি সংকটজনক।
ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ যুধাজিৎ সেনগুপ্ত জানিয়েছেন রেখার শরীরে ‘অর্গ্যানো-ফসফরাস পয়জনিং’–এর চিহ্ন পাওয়া গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর কথা অনুযায়ী, 'খাবারের বিষক্রিয়া থেকে ভালো রকমের অসুস্থ তিনি। সুস্থতা কামনা করি। আমরা ভারতীয় জনতা পার্টির সবাই আছি। ভগবান সাড়া দেবেন। খাবারগুলি পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।'
আরও পড়ুন, গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র! গঠন হল মেডিক্যাল বোর্ড, আচমকা কী হল?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)