জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। পালাবদলের পরই ক্ষমতায় এসে একাধিক নতুন প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেশ কিছু পুরনো ভাতার টাকাও বাড়িয়েছেন। চলুন জেনে নেওয়া যাক, কোন প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের সীমা মাসিক অথবা বার্ষিক কত? পারিবারিক আয় কত হলে আপনি কোন যোজনা বা ভাতার সুবিধা পাবেন না?
অন্নপূর্ণা যোজনা
অন্নপূর্ণা যোজনায় মাসে ৩০০০ টাকা করে অর্থ সাহায্য পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হওয়ার ক্ষেত্রে আবেদনকারী মহিলার মাসিক আয় হতে হবে ১০ হাজারের কম। আর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ১২ লাখের কম। কোনও মহিলা যদি মাসে ১০ হাজার টাকা উপার্জন করেন, তবে তিনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলেও পাবেন না অন্নপূর্ণা যোজনার সুবিধা।
আয়ুষ্মান ভারত
আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, কেন্দ্রের এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয় পশ্চিমবঙ্গ। বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে আয়ুষ্মান ভারতে। যে সকল পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা
যাঁরা আয়ুষ্মান ভারত পাচ্ছেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছেন মুখ্যমন্ত্রী। পরিবারপিছু বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে বা ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে। তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে বার্ষিক পারিবারিক আয় হতে হবে ৮ লক্ষ টাকার কম।
যুবশক্তি ভরসা যোজনা
যুবশক্তি ভরসা যোজনায় বেকার স্নাতক বা উচ্চমাধ্য়মিক পাস যুবক-যুবতীদের জন্য মাসে ২০০০ থেকে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে ৫ বছরের জন্য। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।
স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ
উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপে মাসিক ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে। যেসব পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম, তারাই এই সুবিধা পাবেন।
সামাজিক সুরক্ষা পেনশন স্কিম
সামাজিক সুরক্ষা পেনশন স্কিমে মাসিক বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আবেদনকারী অন্য কোনও সরকারি বা নিয়মিত পেনশন বা আর্থিক সহায়তা পেলে এই ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে প্রতিবন্ধী মহিলারা ১৫০০ টাকা প্রতিবন্ধী ভাতার সঙ্গেই পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাও। অর্থাৎ মোট ৪৫০০ টাকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)