SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

BJP-তে যোগ টিম ইন্ডিয়ার নক্ষত্রের! পদ্মশিবিরে পদ পেয়েই শুরু নয়া ইনিংস, ১৮০০০০০০০ টাকায়...

বিজেপিতে যোগ দিলেন টিম ইন্ডিয়ার ব্রাত্য নক্ষত্র যুজবেন্দ্র চাহাল, নতুন কমিটিতে পেলেন বড় দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট আইপিএলের ১৮ কোটির তারকার

Written By Subhapam Saha
Published: Nov 22, 2026, 11:07 IST | Updated: Nov 22, 2026, 11:13 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মনসুর আলি খান পতৌদি থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, মনোজ প্রভাকর, চেতন শর্মা, মহম্মদ কাইফ, চেতন চৌহান, কীর্তি আজাদ, মহম্মদ আজহারউদ্দিন, নভজ্যোত সিং সিধু, আম্বাতি রায়ডু, কেদার যাদব, লক্ষ্মীরতন শুক্লা , অশোক দিন্দা, মনোজ তিওয়ারি, গৌতম গম্ভীর, হরভজন সিং ও ইউসুফ পাঠানের মধ্যে কিন্তু দু'টি মিল রয়েছে। এক) তাঁরা ভারতের আন্তর্জাতিক আঙিনায় ক্রিকেট খেলেছেন। দুই) তাঁরা সকলেই কিন্তু অবসরের পর সরাসরি বা মনোনীত সদস্য হিসেবে রাজনীতির ময়দানেও নেমেছেন। আর এবার অবসরের আগেই চমকে দিলেন টিম ইন্ডিয়ার নক্ষত্র ও ব্রাত্য় স্পিনার যুজবেন্দ্র চাহাল। গত শনিবার চাহাল ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আর এখানেই শেষ নয়। পদ্মশিবির তাঁকে ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে নিয়োগ করেছে। কিছুদিন আগেই চাহাল বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমর পাল মৌর্যর সঙ্গে দেখা করেছিলেন। তখন থেকেই চাহালের বিজেপি-তে যোগদান নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সিলমোহর পড়ল।

আরও পড়ুন: 'মুসলিম বলেই সিরাজ বাদ,' ভারতীয় দলে বৈষম্যের অভিযোগ, IND vs NZ হয়ে গেল Congress vs BJP!

বিজেপি-র নয়া ওবিসি মোর্চা কমিটি

সোশ্যাল মিডিয়ায় চাহাল লিখেছেন, 'বিজেপি পরিবারে আমাকে জায়গা দেওয়া এবং সম্মান দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতীন নবীনজি এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি শ্রী অমরপাল মৌর্যজিকে আন্তরিক ধন্যবাদ জানাই।' নীতীন নবীনের নির্দেশেই ওবিসি মোর্চার নতুন জাতীয় কমিটি ঘোষিত হয়েছে। সেখানে ৩৭ জন সদস্যের নাম রয়েছে। ৭জন জাতীয় সহ-সভাপতি, ৩জন জাতীয় সাধারণ সম্পাদক ও ৭জন জাতীয় সম্পাদক। এই তালিকায় রয়েছে চাহালের নাম। বিবৃতিতে বিজেপি জানিয়েছে যে, অসমের যোগেন মোহন, ওড়িশার মমতা মোহান্ত, উত্তর প্রদেশের সঙ্গম লাল গুপ্ত, মহারাষ্ট্রের বাবনরাও রাওজি চৌধুরী, দিল্লির সত প্রকাশ রানা, বিহারের অর্জুন সাহনি এবং উত্তর প্রদেশের সংগীতা বলবন্ত বিন্দকে মোর্চার জাতীয় সহ-সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। দিল্লির গজেন্দ্র যাদব, কর্ণাটকের প্রমোদ মাধবরাজ এবং ছত্তিশগড়ের ললিত চন্দ্রকারকে জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। নতুন সাত জাতীয় সম্পাদক হলেন—গুজরাটের দশরথজি ঠাকুর, তামিলনাড়ুর টি ভারথরাজন, ঝাড়খণ্ডের সঞ্জীব কুমার, হরিয়ানার সরিতা জাঙ্গিড়, তেলেঙ্গানার কদগাঞ্চি রমেশ, মধ্যপ্রদেশের বৈভব পাওয়ার এবং বিহারের ভীম কুমার সাহু।

আরও পড়ুন:  'তোমাকে আমিই...' যুবরাজের বাবার সঙ্গে তাঁবুতে একান্তে অনয়া বাঙ্গার ! কিছু সেকেন্ডের ভিডিয়োতে তোলপাড়

চাহালের কেরিয়ার যেরকম

১৯৯০ সালে জন্ম চাহালের। অতীতে সীমিত ওভারের ক্রিকেটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তবে কুলদীপ যাদবের সঙ্গে একসময়ে জুটি বাঁধলেও, দল কুলদীপকে এগিয়ে রাখায় চাহাল ধীরে ধীরে ভারতীয় দল থেকে আবছা হয়ে যান। চাহাল দেশের জার্সিতে ওডিআই (৭২, ১২১ উইকেট) ও টিটোয়েন্টিআই (৮০, ৯৬ উইকেট) মিলিয়ে ১৫২ ম্যাচে ২১৭ উইকেট নিয়েছেন। ২০২৩ সালের ১৩ অগাস্টের পর থেকে চাহাল আর দেশের জার্সিতে খেলেননি। ক্রিকেটে ছাপ রাখার আগে চাহাল দাবাড়ু ছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট শিকার করা প্রথম ভারতীয় বোলার হওয়ার কৃতিত্ব তাঁরই। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান হলো ৬/২৫, ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ২০২৫ মরসুমে আগে পঞ্জাব তাঁকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছে। ২০২৭ সালের আইপিএলেও তাঁকে ধরে রেখেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। ঘরোয়া ক্রিকেটে চাহাল হরিয়ানার প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে কেন্ট এবং নর্দাম্পটনশায়ারের হয়েও খেলেছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
Read More

ZEENEWS TRENDING STORIES