জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৭ নভেম্বর আইপিএল রিটেনশন ডে। মানে ১০ ফ্র্যাঞ্চাইজিক ওই তারিখের মধ্যেই বিসিসিআই-কে জানিয়ে দিতে হবে যে, তারা কোন কোন খেলোয়াড়কে ধরে রাখছে আর কাদের ছেড়ে দিচ্ছে। গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদের প্লেয়ার ট্রেড নিয়ে আলোচনা চালাচ্চে। উভয় দলকেই তাদের বিদেশি খেলোয়াড়দের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হবে। জিওস্টারের ‘গেম প্ল্যান’ অনুষ্ঠানে কথা বলার সময়ে অভিনব মুকুন্দ এবং আকাশ চোপড়া এই নিয়ে কথা বলেছেন। তারা আলোচনা করেন যে, গুজরাত কোন কোন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে। প্যাট কামিন্স ও ট্রাভিস হেড সম্ভবত আইপিএল খেলবেন না বলেই মনে করছেন আকাশ।
আরও পড়ুন: শেষ বলে রুদ্ধশ্বাস জয়! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
আকাশ চোপড়া কী মনে করছেন
আকাশ চোপড়া আলোচনার সময়ে বলেছেন যে, রিটেনশন ডেডলাইনের আগে গুজরাট টাইটান্স কোন কোন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে এবার। আকাশ বলেছেন, 'শাহরুখ খান এবং আর তেওয়াটিয়া ৪ কোটি টাকার। তাই এদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হতে পারে, সম্ভবত শাহরুখকেই। এতে ৪ কোটি টাকা সাশ্রয় হবে। মজার ব্যাপার হল ট্রেড মার্কেটের কথা ভাবলে তাদের দলে সাই কিশোর এবং মানব সুতার রয়েছে। এমন অনেক দলই আছে যারা এই মানের একজন ভারতীয় বাঁ-হাতি স্পিনারকে দলে নিতে চাইবে, কারণ গুজরাত হয়তো তাদের দু'জনকে একসঙ্গে খেলাতে পারবে না। অন্য কাউকে পাওয়ার বিনিময়ে তাদের একজনকে অন্য কোনও দলের কাছে প্রস্তাব করা যেতে পারে। তাছাড়া, তাদের দলে একজন লোয়ার-মিডল অর্ডার বা মিডল অর্ডার ব্যাটারের প্রয়োজন! এটিই তাদের চিন্তার জায়গা। এই ঘাটতি পূরণের জন্য তারা কোনও পেসারকে ছেড়ে দিতে পারে, কারণ দলে পেসারের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি। এস্টারহুইজেনকে তারা ছেড়ে দিতে পারে, কারণ তাদের টম ব্যানটনের মতো খেলোয়াড় প্রয়োজন। আর পেসারদের মধ্যে তারা চাইলে ইশান্ত শর্মাকে ছেড়ে দিতে পারে, কারণ তাকে তারা একাদশে খেলায় না। গত মরসুমে তিনি প্রায় কোনও ম্যাচই খেলেননি।' প্যাট কামিন্সের অনিশ্চয়তা নিয়ে কথা বলেছেন আকাশ। তাঁর সংযোজন, 'আমার মনে হয়, এই বছর অ্যাশেজ এবং বিশ্বকাপ থাকায় প্যাট কামিন্স হয়তো আইপিএলে খেলার জন্য উপলব্ধ থাকবেন না। ওকে না পাওয়া সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ বর্ডার-গাভাস্কার ট্রফির ঠিক পরপরই আইপিএল হওয়ার কথা রয়েছে। সামনে প্রচুর ম্যাচ রয়েছে, ফলে কামিন্স হয়তো উপলব্ধ থাকবেন না। সেক্ষেত্রে ঈশান কিষানকে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে দেখা যেতে পারে।' দেখা যাক আকাশের ভবিষ্য়দ্বাণী মেলে কিনা!
অনিশ্চিত ছয় অজি তারকা
কামিন্স এবং হেড ছাড়াও আরও চার অজি তারকাকে আইপিএলে পাওয়া যাবে না বলেই মত একাংশের। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিন ও জশ ইংলিস সম্ভবত অংশ নেবেন না। একই কারণ। নতুন বছরের শুরুতে বর্ডার-গাভাসকর ট্রফি এবং তারপরে অ্যাশেজ রয়েছে৷ তাই তাঁরা আইপিএলের চাপ নিতে চাইবেন না। কারণ তাদের মধ্যে কেউ কেউ অ্যাশেজের প্রস্তুতির জন্য কাউন্টি ক্রিকেটে খেলতে পারেন। তালিকার সকল অজিই অল-ফরম্যাট ক্রিকেটার। তাদের বিজিটি, অ্যাশেজ, ডব্লিউটিসি ফাইনাল এবং তারপর ওডিআই বিশ্বকাপও খেলতে হবে। সুতরাং, আইপিএল খেললে তা অসম্ভব হয়ে যাবে। এমনকী ইংল্যান্ডে গত অ্যাশেজের সময়ও তাদের বেশিরভাগই আইপিএল এড়িয়ে গিয়েছেন। কারণ অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বরাবরই আইপিএলের প্রচুর অর্থের চেয়ে জাতীয় স্বার্থকে এগিয়ে রাখে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)