৩৬ ঘণ্টা নির্জলা উপবাস, প্রথম দিন কুমড়োর তরকারি, দ্বিতীয় দিন গুড়ের পায়েস, কীভাবে পালিত হয় ছট পূজা?
Chhat Puja: সারাদিন উপবাসের পর বিকেলে নদী বা পুকুরের ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে দুধ, জল ও ফল দিয়ে অর্ঘ্য নিবেদন করা হয়
অয়ন ঘোষাল: ছটপুজো মানেই শুধু সূর্যদেবের আরাধনা নয়, এই ৪ দিনের ব্রতের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ কিছু খাদ্যবিধিও। প্রথম দিন নিরামিষ খাবার দিয়ে শুরু, দ্বিতীয় দিন সন্ধ্যায় গুড়ের পায়েস ও রুটি খেয়ে উপবাস ভঙ্গ। তার পর টানা ৩৬ ঘণ্টার নির্জলা উপবাস। শেষ দু'দিন সন্ধ্যা ও ভোরে সূর্যকে অর্ঘ্য নিবেদন করে সম্পন্ন হয় ব্রত। নাহায়-খায় থেকে উষার অর্ঘ্য, ছটপুজোর চার দিনে কখন কী খান ব্রতীরা?
ব্রতের প্রথম দিন
এ দিন ব্রতীরা পবিত্র স্নান করে নিরামিষ খাবার খান। রান্না করা চাল, ডাল এবং কুমড়ো বা লাউয়ের তরকারি থাকে তাঁদের পাতে। এই দিন থেকেই বাড়িতে পেঁয়াজ-রসুন খাওয়া বন্ধ হয়ে যায়।
দ্বিতীয় দিন
সারাদিন নির্জলা উপবাস পালন করেন ব্রতীরা। সন্ধ্যায় মাটির উনুনে তৈরি হয় গুড়ের পায়েস, রুটি ও কলা। এই খাবার খেয়েই উপবাস ভঙ্গ করা হয়।
খরনার (আজ সন্ধ্যে বেলা) সন্ধ্যায় খাবার গ্রহণের পরেই শুরু হয় টানা ৩৬ ঘণ্টার কঠিন নির্জলা উপবাস। এই সময়ে ব্রতীরা জল বা অন্য কোনও খাবার গ্রহণ করেন না।
আরও পড়ুন-১৫ ও ১৬ নভেম্বর কলকাতায় বিশেষ ট্রাফিক বিধি! কোন রাস্তায় গাড়ি চলবে না? কোথায় পার্কিং, ওয়ান ওয়ে?
১৫ নভেম্বর ২০২৬, রবিবার। ছটপুজোর তৃতীয় দিন
সারাদিন উপবাসের পর বিকেলে নদী বা পুকুরের ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে দুধ, জল ও ফল দিয়ে অর্ঘ্য নিবেদন করা হয়।
বাঁশের ডালি, কুলো বা মাটির সরা সাজানো হয় ঠেকুয়া, নারকেল, আখ, কলা, আপেল, কমলা-সহ বিভিন্ন ফল দিয়ে। পরিবারের সদস্যদের সঙ্গে ঘাটে গিয়ে সূর্যদেবের উদ্দেশে এই অর্ঘ্য নিবেদন করেন ব্রতীরা।
১৬ নভেম্বর ২০২৬, সোমবার
চতুর্থ দিন ভোরের আলো ফোটার আগেই নদী বা পুকুরের ঘাটে উপস্থিত হন ব্রতীরা। এ দিন উদীয়মান সূর্যকে দুধ ও জল দিয়ে অর্ঘ্য নিবেদন করা হয়।
উষার অর্ঘ্য নিবেদনের পর জল খেয়ে এবং প্রসাদ গ্রহণ করে ৩৬ ঘণ্টার নির্জলা উপবাস ভঙ্গ করেন ব্রতীরা। এর মাধ্যমেই চার দিনের ছটব্রতের সমাপ্তি ঘটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)