Jahangir Khan house demolition: ফলতার জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের শ্রীরামপুরের বহুতল বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু করল জেলা প্রশাসন। বাড়ির মধ্যে ঢুকল প্রশাসন। ঘটনাস্থলে বিডিও ও পুলিস আধিকারিকরা।
1/8
বহুতল ভাঙার কাজ শুরু
নকীবউদ্দিন গাজি, অয়ন ঘোষাল: আরও বিপাকে ফলতার 'পুষ্পা'। ভাইফোঁটার সকালে এবার জাহাঙ্গীরের বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শ্রীরামপুরে বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু। চেলার পরে কি তাহলে এবার মালিকের পালা? ঘটনাস্থলে বিডিও ও পুলিস আধিকারিকরা।
2/8
একাধিক নোটিস
ফলতা থানা থেকে প্রায় চার কিলোমিটার দূরে শ্রীরামপুর গ্রামে অবস্থিত এই বাড়ি। টালির চালাঘর থেকে প্রভাব খাটিয়ে বেআইনি ভাবে চারতলা প্রাসাদ। বাড়িটি ভাঙার আগে সেখানে একাধিক নোটিস সাঁটানো হয়েছিল। কিন্তু একের পর এক নোটিস অগ্রাহ্য করা হয় বলে অভিযোগ। জেলা পরিষদ কিংবা পঞ্চায়েতের কোনও বৈধ ছাড়পত্র ছাড়াই এই বহুতল নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ।
3/8
সরকারি খাস জমি দখল
বাড়ির ভিত গঠন ২০২৩ সাল। ছোট্ট টালির চালার বাড়ি। তার সঙ্গে সরকারি খাস জমি দখল। লেঠেল বাহিনী দিয়ে গায়ের জোরে জমি দখল করে বাড়ি। নির্মাণ কাজ শুরু হয় ২০২৫ সালের অক্টোবর মাসে। নির্মাণ চলাকালীন মোতায়েন থাকত ৫০ টি বাইক বাহিনী। থাকত লেঠেল বাহিনী।
4/8
বিদ্যুৎ বিল বকেয়া
জাহাঙ্গীর খান বর্তমানে জেলে বন্দি রয়েছেন এবং তাঁর বিচার চলছে। এর আগে দীর্ঘদিন বিল বকেয়া থাকায় তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল। ৩ লক্ষ ২৩ হাজার ৯৫৬ টাকা বিদ্যুৎ বিল বকেয়া জাহাঙ্গীরের নামে। বিদ্যুৎহীন হওয়ার কারণে বর্তমানে বাড়ির ভেতরটা বেশ অন্ধকার।
5/8
হাতুড়ি-শাবল দিয়েই ভাঙার সিদ্ধান্ত
বাড়িটি ভাঙার জন্য বড় বুলডোজার আনার পরিকল্পনা থাকলেও স্থানীয় রাস্তার সংকীর্ণতার কারণে তা ভেতরে ঢোকানো সম্ভব হয়নি। ফলে সাধারণ শ্রমিকদের হাতুড়ি-শাবল ব্যবহার করেই এই নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে ঘটনাস্থলে বহু শ্রমিক ইতোমধ্যে এসে পৌঁছেছেন। এলাকায় যাতে কোনও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশাল পুলিস বাহিনী ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন রাখা হয়েছে।
6/8
সেই গাড়ি কালো স্করপিও
ভেঙে ফেলার আগে বাড়ির ভেতর থেকে আলমারি, আসবাবপত্র-সহ বিভিন্ন জিনিসপত্র বের করে বাইরে আনা হয়েছে। সেই সময় এলাকায় বৃষ্টি নামে। বৃষ্টির কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও শ্রমিক ও সিভিক ভলান্টিয়াররা জিনিসপত্র বয়ে নিয়ে গিয়ে সামনের ফাঁকা মাঠে স্তূপ করে রাখেন। পরবর্তীতে এগুলো প্রশাসনের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। ওই বাড়ির সামনেই রাখা সেদিনের জনরোষে ভাঙচুর হওয়া সেই গাড়ি কালো স্করপিও।
7/8
স্থানীয়দের বিস্ফোরক অভিযোগ
স্থানীয় এক বাসিন্দা স্বপন দাসের অভিযোগ, এই বাড়িটি বেআইনিভাবে অন্যের পুকুর ও জায়গা দখল করে বানানো হয়েছিল। তাঁর নিজের পুকুরও এই জমিতে দখল হয়ে গিয়েছিল। আদালতের নির্দেশের ফলেই আজ প্রশাসন কড়া পদক্ষেপ করছে এবং বাড়িটি গুঁড়িয়ে দিচ্ছে বলে তিনি দাবি করেন।
8/8
ফলতার বিডিও
ফলতার বিডিও সন্দীপ সিংহ রায়ের তত্ত্বাবধানে চলছে গোটা প্রক্রিয়া। কী কী বের করা হয়েছে তার তালিকা লিখেছেন বিডিও অফিসের কর্মীরা।