Chhath Puja: ছটপুজো উপলক্ষে বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর লেক
আদালতের নির্দেশ মেনে গত কয়েক বছরের মতো এবারও ছটপুজো উপলক্ষে বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর লেক। আদালতের নির্দেশ অমান্য করে যাতে কেউ লেকের ভিতরে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিস।
নিরাপত্তার স্বার্থে রবীন্দ্র সরোবর এলাকাকে দুটি জোনে ভাগ করা হয়েছে।
- জোন ১ – নজরুল মঞ্চের দিক: বুদ্ধ গেট, আরএনটি গেট, আরএসওপি, সাফারি পার্ক গেট, সিআরসি গেট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশ মোতায়েন থাকবে। লেকের ভিতরে প্রবেশ আটকাতে একাধিক গেটে নো-এন্ট্রি ব্যবস্থা থাকবে। পাশাপাশি নজরদারি ও টহলদারির ব্যবস্থা করা হয়েছে।
- জোন ২ – মেনোকা সিনেমা হলের দিক: মেনোকা সিনেমা গেট, মাদার ডেয়ারি গেট এবং লেকের ভিতরে প্রবেশের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। প্রবেশপথগুলিতে কড়া নজরদারি চালানো হবে।
-
এ ছাড়াও থাকছে একাধিক ব্যবস্থা:
রবীন্দ্র সরোবরের চারপাশে মোট ১০টি নাকা ও ইন্টারসেপশন পয়েন্ট তৈরি করা হয়েছে।
গোলপার্ক, সাদার্ন অ্যাভিনিউ, লেক রোড, বোরোজ রোড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে পুলিশ মোতায়েন থাকবে।
ছটপুজোর কোনও পুণ্যার্থী যাতে রবীন্দ্র সরোবরের দিকে যেতে না পারেন, তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিটি ইন্টারসেপশন পয়েন্টে গার্ডরেল বসিয়ে যানবাহন ও পুণ্যার্থীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে।
যান চলাচল নিয়ন্ত্রণে আগাম ট্রাফিক ডাইভারশন প্ল্যান তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ নভেম্বর দুপুর থেকে শুরু করে ১৬ নভেম্বর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পুলিস বাহিনী মোতায়েন থাকবে।
রবীন্দ্র সরোবরের নিরাপত্তার জন্য বিভিন্ন ডিউটি পয়েন্ট ও শিফট মিলিয়ে মোট প্রায় ৩৯৭ জন পুলিস মোতায়েন রয়েছে।