আদালতের নির্দেশ মেনে গত কয়েক বছরের মতো এবারও ছটপুজো উপলক্ষে বন্ধ থাকছে রবীন্দ্র সরোবর লেক। আদালতের নির্দেশ অমান্য করে যাতে কেউ লেকের ভিতরে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে কলকাতা পুলিস।
নিরাপত্তার স্বার্থে রবীন্দ্র সরোবর এলাকাকে দুটি জোনে ভাগ করা হয়েছে।
- জোন ১ – নজরুল মঞ্চের দিক: বুদ্ধ গেট, আরএনটি গেট, আরএসওপি, সাফারি পার্ক গেট, সিআরসি গেট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে পুলিশ মোতায়েন থাকবে। লেকের ভিতরে প্রবেশ আটকাতে একাধিক গেটে নো-এন্ট্রি ব্যবস্থা থাকবে। পাশাপাশি নজরদারি ও টহলদারির ব্যবস্থা করা হয়েছে।
- জোন ২ – মেনোকা সিনেমা হলের দিক: মেনোকা সিনেমা গেট, মাদার ডেয়ারি গেট এবং লেকের ভিতরে প্রবেশের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে। প্রবেশপথগুলিতে কড়া নজরদারি চালানো হবে।
-
এ ছাড়াও থাকছে একাধিক ব্যবস্থা:
রবীন্দ্র সরোবরের চারপাশে মোট ১০টি নাকা ও ইন্টারসেপশন পয়েন্ট তৈরি করা হয়েছে।
গোলপার্ক, সাদার্ন অ্যাভিনিউ, লেক রোড, বোরোজ রোড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে পুলিশ মোতায়েন থাকবে।
ছটপুজোর কোনও পুণ্যার্থী যাতে রবীন্দ্র সরোবরের দিকে যেতে না পারেন, তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিটি ইন্টারসেপশন পয়েন্টে গার্ডরেল বসিয়ে যানবাহন ও পুণ্যার্থীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে।
যান চলাচল নিয়ন্ত্রণে আগাম ট্রাফিক ডাইভারশন প্ল্যান তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ নভেম্বর দুপুর থেকে শুরু করে ১৬ নভেম্বর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পুলিস বাহিনী মোতায়েন থাকবে।
রবীন্দ্র সরোবরের নিরাপত্তার জন্য বিভিন্ন ডিউটি পয়েন্ট ও শিফট মিলিয়ে মোট প্রায় ৩৯৭ জন পুলিস মোতায়েন রয়েছে।
15 Nov 2026 10:39 ISTSuvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
গুরু নানক জয়ন্তীর আগে নগর কীর্তনের রীতি রয়েছে পাঞ্জাবি সম্প্রদায়ের। সেই অনুষ্ঠানে যোগ দেবেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড়বাজার গুরুদ্বারা বড়া শিখ সংগত এ আজ উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে উত্তর কলকাতা জেলা বিজেপি নেতৃত্ব। শিখ সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছেন। এখান থেকে মিছিলে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
15 Nov 2026 09:02 ISTParliament Special Session: ২০-৩০ নভেম্বরের মধ্যেই হতে পারে সংসদের বিশেষ অধিবেশন
২০-৩০ নভেম্বরের মধ্যেই হতে পারে সংসদের বিশেষ অধিবেশন। বিশেষ অধিবেশন করে ফের আনা হবে ডিলিমিটেশন বিল। প্রস্তুতি শুরু এনডিএ শিবিরের। এনডিএ সাংসদদের দিল্লির আশেপাশে থাকতে বলা হল ওই ১০ দিনের জন্য। তারই মধ্যে যে কোনও দিন ডাকা হতে পারে বিশেষ অধিবেশন, খবর এনডিএ সূত্রে।
15 Nov 2026 08:30 ISTBirsha Munda: বিরসা মুন্ডার জন্মজয়ন্তী
ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর এই শুভ ক্ষণে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি সংলগ্ন সাহাড়ির মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ সমাবেশ, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর আগমনকে কেন্দ্র করে বর্ণাঢ্য সাজে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র সাহাড়ীর মাঠ প্রাঙ্গণ। শনিবার রাতেই সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সাহাড়িতে পৌঁছান রাজ্যের আদিবাসী কল্যাণ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পাশাপাশি অনুষ্ঠান যাতে সম্পূর্ণ নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও তিনি প্রয়োজনীয় দিকনির্দেশ দেন। অনুষ্ঠান মঞ থেকে পাট্টা বিলি সহ আদিবাসী সমাজের জন্য একাধিক পরিষেবা ঘোষনার পরিকল্পনা রয়েছে এই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর আগমন ও জনজাতি গৌরব দিবস। এই উপলক্ষকে ঘিরে আদিবাসী অধ্যুষিত গোটা জঙ্গলমহলে এখন বাঁধভাঙা উৎসাহ ও উৎসবের আবহ।
15 Nov 2026 08:30 ISTCanning: কালীপুজোয় বিচিত্রানুষ্ঠান নিয়ে বিবাদ
কালীপুজোর বিচিত্রানুষ্ঠানকে কেন্দ্র করে রক্তারক্তি। লোহার রডের আঘাতে গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের উত্তর তালদির মাস্টারপাড়া এলাকায়। জখম যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর তালদির মাস্টারপাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সম্মিলিতভাবে কালীপুজো করে আসছেন। চলতি বছর কালীপুজোর বিচিত্রানুষ্ঠান নিয়ে গোলমাল বাধে। আবারও এই নিয়ে বচসায় জড়িয়ে পড়েন মিঠুন মণ্ডল ও মদন নস্কর। সেই সময় প্রতিবেশীরা এসে সমস্যার সমাধান করে দেন। এরপর যথারীতি পুজো শেষ হয় এবং প্রতিমা বিসর্জনও হয়ে যায়।
15 Nov 2026 08:29 ISTJalpaiguri: সীমান্ত গ্রামে তীব্র পানীয় জলের সংকট
স্বাধীনতার ৭৯ বছর পেরিয়ে গেলেও আজও পরিস্রুত পানীয় জল থেকে বঞ্চিত জলপাইগুড়ি সদর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২২ হাজার বাসিন্দা। পানীয় জলের তীব্র সংকটে নাজেহাল এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্রমশ বাড়ছে ক্ষোভ। জলপাইগুড়ি সদর ব্লকের এই সীমান্তবর্তী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পানীয় জলের জন্য কার্যত হাতকলের উপরেই নির্ভর করতে হয় বাসিন্দাদের। এলাকায় টাইম কলের ব্যবস্থা না থাকায় হাতকলের জলই ভরসা। স্থানীয়দের অভিযোগ, এই জল ব্যবহার করে নানা ধরনের পেটের অসুখের সমস্যাও বাড়ছে।
15 Nov 2026 08:28 ISTMal Police: মাল পুলিসের জালে তিন কাঠ চোর
সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল মৃত্যুর ঘটনাকে। মৃতদেহের পাশে ফেলে রাখা হয়েছিল একটি বাইক, যাতে গোটা ঘটনাকে পথ দুর্ঘটনা বলে মনে হয়। কিন্তু পুলিসের তীক্ষ্ণ নজর ও ফরেনসিক তদন্তে শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল মৃত্যুর আসল রহস্য। মালবাজার মহকুমা পুলিসের তৎপরতায় গ্রেফতার তিন অভিযুক্ত কাঠ চোর। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। লাটাগুড়ি জঙ্গলের রাস্তার ধারে উদ্ধার হয় রাজকুমার রায় নামে এক ব্যক্তির মৃতদেহ। মৃতদেহের পাশেই পড়েছিল একটি বাইক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে মনে হলেও পুলিসের সন্দেহ হওয়ায় শুরু হয় বিস্তারিত তদন্ত। ঘটনাস্থলে নিয়ে আসা হয় ফরেনসিক দলকেও।