Road Accident in Arambagh: যাত্রীবোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, শিশু-সহ প্রায় ১৬ জন যাত্রী আহত
সাতসকালে যাত্রীবোঝাই বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে। বৃহস্পতিবার সকালে রায়না থানার গোপালপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় আরামবাগ থেকে বর্ধমানগামী একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় শিশু-সহ প্রায় ১৬ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জানা গেছে, গোপালপুর মোড়ের কাছে আচমকাই বাসটির পাতি ভেঙে যায়। এর জেরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়না থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। রায়না থানার ওসি নিজেও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তৎপর হন।