ঋতব্রত শিবিরের চালে জোর বেকায়দায় কালীঘাট-তৃণমূল! হলফনামা জমা দেওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা
TMC symbol row: নির্বাচন কমিশনে ঋতব্রত শিবিরের জমা দেওয়া নথির প্রতিলিপি না মেলায় পাল্টা হলফনামা জমা দেওয়া নিয়ে ঘোর দোটানায় কালীঘাট। নথির বিপুল পরিমাণ ও গোপনীয়তার দোহাই দিয়ে কপি দেয়নি প্রতিপক্ষ। কীভাবে জবাব সাজাবেন মমতা-অভিষেক, তা নিয়ে শুরু আইনি আলোচনা।
রাজীব চক্রবর্তী: ঋতব্রত শিবিরের জমা দেওয়া নথির প্রতিলিপি না মেলায় পাল্টা হলফনামা জমা নিয়ে দোটানায় কালীঘাট শিবির। কালীঘাট তৃণমূল সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন সদনে কমিশনের কাছে যে নথিপত্র জমা দিয়েছে, তার কোনও প্রতিলিপি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে দেওয়া হয়নি। ফলে ওই নথির ভিত্তিতে কী ভাবে নিজেদের বক্তব্য সাজানো হবে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
কমিশনকে চিঠি দিয়ে ঋতব্রত শিবির জানিয়েছে, জমা দেওয়া নথির পরিমাণ বিপুল হওয়ায় তার প্রতিলিপি দেওয়া সম্ভব নয়। কমিশনের তরফে সেই চিঠির বিষয়টি কালীঘাটের তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছে। একই চিঠিতে আরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, দলের যে সমস্ত নেতা ও কর্মী হলফনামা দিয়ে ঋতব্রত শিবিরের পক্ষে মত জানিয়েছেন, তাঁদের নামের তালিকা প্রকাশ্যে এলে প্রতিপক্ষের তরফে তাঁরা হুমকি বা চাপের মুখে পড়তে পারেন।
এই পরিস্থিতিতে পাল্টা নথি জমা দেওয়ার প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে মমতা শিবিরে। কালীঘাটের তৃণমূল সূত্রের খবর, নথির প্রতিলিপি হাতে না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে জবাবী হলফনামা জমা দেওয়া কতটা সম্ভব, তা নিয়ে দলের আইনজীবী ও শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ঋতব্রত শিবিরকে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিতে বলা হয়েছিল। সেই নথি জমা পড়ার পর তার ভিত্তিতে নিজেদের বক্তব্য পেশ করার জন্য কালীঘাটের তৃণমূল শিবির আরও ১০ দিন সময় পাবে। অর্থাৎ, প্রথম পক্ষের নথি জমার পরেই দ্বিতীয় পক্ষের জবাব দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
কিন্তু, জমা পড়া নথির প্রতিলিপি না মেলায় সেই প্রক্রিয়া কতটা মসৃণ হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত ১০ দিনের মধ্যে পাল্টা নথি জমা দেওয়া হবে, নাকি আইনি পথে অন্য কোনও পদক্ষেপ করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি মমতা শিবির।
আরও পড়ুন, অভিষেককে হত্যার হুমকি! চিঠিতে শোরগোল... কে কাকে দিলেন চিঠি?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)