SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ফের রক্তাক্ত কাশ্মীর! কুলগামে CRPF ক্যাম্পে এলোপাথাড়ি গুলি, আহত...

Kashmir terror attack: কাশ্মীরে কুলগামে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি। জঙ্গিদের গুলিতে আহত তিন জওয়ান। আহতদের মধ্যে একজন বাঙালি জওয়ানও আছেন। তাঁর পেট এবং মেরুদণ্ডে গুলি লেগেছে

Written By Soumita Khan
Published: Nov 11, 2026, 02:54 PM IST | Updated: Nov 11, 2026, 04:40 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরে ফের জঙ্গি হামলা। কুলগামে CRPF চেকপোস্টে হামলা। এখনও পর্যন্ত আহত ৩ জওয়ান। বাইকে করে এসে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালায় বলে জানা গিয়েছে। এই ঘটনায় ৩ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। হামলায় জখম তিন নিরাপত্তা কর্মীর পরিচয় প্রকাশ্যে এসেছে। তাঁরা হলেন রাকেশ দাস, সন্তোষ চন্দ্রমৌলি ও সোমবীর সিং। রাকেশবাবুর বাঁ পায়ে গুলি লেগেছে। সোমবীরবাবু বাঁ হাতে চোট পেয়েছেন।

তিন আহতদের মধ্যে একজন বাঙালি জওয়ান আছেন। তাঁর নাম সন্তোষ চন্দ্র। সন্তোষের পেট এবং মেরুদণ্ডে গুলি লাগে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন। তিন জওয়ানই অনন্তনাগ জেলার একটি হাসপাতালে ভর্তি। 

দুপুর ২.১৫ নাগাদ কুলগাম জেলার মির বাজারের কাছে আখরান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলি চলতেই জওয়ানরাও পাল্টা জবাব দেন। হামলার পরেই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় কুইক রিঅ্যাকশন টিম (QRT)। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। গোটা এলাকা কড়া নিরাপত্তার ঘেরাটোপে। হামলাকারীদের খুঁজে বের করতে জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

হামলার সময় জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহাও কুলগামেই অবস্থান করছিলেন। তবে তিনি ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ছিলেন। কুলগামের সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত তিন দিনব্যাপী ভেশো উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর।

আরও পড়ুন: আচমকা ধসল মাটি, থমকে গেল লাইন! এখনও আটকে রাজধানী-সহ ১২ ট্রেন

প্রসঙ্গত, এই হামলার জেরে বৈষ্ণোদেবী যাত্রার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কাটরা থেকে ভবন পর্যন্ত প্রতিটি কোণে জওয়ান মোতায়েন। কাটরায় প্রবেশের পথ থেকে শুরু করে যাত্রা নিবন্ধন কেন্দ্র, রেলস্টেশন এবং বাসস্ট্যান্ড পর্যন্ত নিরাপত্তা তল্লাশি বাড়ানো হয়েছে। পুণ্যার্থীদের যাতায়াতের ওপর নজর রাখার পাশাপাশি সন্দেহজনক গতিবিধির প্রতিও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। একই সঙ্গে, ভবন ও যাত্রাপথের সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত সুরক্ষাবাহিনী মোতায়েনের মাধ্যমে টহলদারি বাড়িয়ে দেওয়া হয়েছে।

যাত্রার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা সংস্থাগুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বিপুল সংখ্যক পুণ্যার্থী মাতা বৈষ্ণোদেবীর দর্শনের জন্য কাটরায় পৌঁছান। এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের নিরাপত্তাই প্রশাসন ও যৌথ বাহিনীর প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে।

উল্লেখ্য, আধা সামরিক বাহিনীর উপর হামলার ঘটনা এই প্রথম নয়। গত মাসেই ছত্তীসগঢ়ের সুকমা জেলার আলারমেদগু ক্যাম্পে অবশিষ্ট বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় একটি আইইডি বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনায় সিআরপিএফ-এর চার জন আধিকারিক আহত হয়েছিলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES