ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! ১, ৩, ৫ বা ৭ দিয়ে... ডিসেম্বর থেকেই PNR নম্বরে বিরাট বদল
PNR rule change: এতদিন পর্যন্ত রেলের চারটি প্রধান ডেটাবেস সেন্টার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের উপর ভিত্তি করে পিএনআর নাম্বার শুরু হত জোড় সংখ্যা দিয়ে। যেমন দিল্লি থেকে হলে ২ দিয়ে, কলকাতা থেকে হলে ৬ দিয়ে, মুম্বই থেকে ৮ দিয়ে আর চেন্নাই থেকে হলে ৪ দিয়ে শুরু হত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেনের টিকিটে বড় পরিবর্তন! দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা ট্রেন টিকিটে ১০ অঙ্কের ‘প্যাসেঞ্জার নেম রেকর্ড’ বা PNR নাম্বার সিস্টেমে বড়সড় বদল আনতে চলেছে ভারতীয় রেল। ডিসেম্বর মাস থেকেই টিকিটে চালু হচ্ছে নতুন ‘মাইগ্রেটেড পিএনআর’। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে সারা দেশে এই ব্যবস্থা চালু হয়ে যাবে।
এতদিন পর্যন্ত রেলের চারটি প্রধান ডেটাবেস সেন্টার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের উপর ভিত্তি করে পিএনআর নাম্বার সিরিজ শুরু হত জোড় সংখ্যা দিয়ে। যেমন দিল্লি থেকে বুক করা ট্রেনের টিকিটের পিএনআর নাম্বার ২ দিয়ে, কলকাতা থেকে হলে ৬ দিয়ে, মুম্বই থেকে ৮ দিয়ে আর চেন্নাই থেকে হলে ৪ দিয়ে শুরু হত। এবার সেই নিয়মই বদলে যাবে। নতুন নিয়মে PNR নাম্বার মোট ১০ সংখ্যারই থাকবে। কিন্তু শুরু হবে বিজোড় সংখ্যা দিয়ে। মানে ১, ৩, ৫ বা ৭ দিয়ে।
সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বা CRIS পুরনো প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা PRS-কে নেক্সট জেনারেশন সিস্টেমে বদলেছে। যার ফলে কাউন্টার এবং অনলাইন টিকিট বুকিংয়ের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নামের ভুল সংশোধন, আসন, লোয়ার বার্থ এবং ভাড়া সংক্রান্ত সমস্ত তথ্য এখন মাত্র এক ক্লিকেই পাওয়া যায়। কিন্তু নয়া সফটওয়্যারে পুরনো PNR-এর কারণে সমস্যা হচ্ছিল। তাই পিএনআর সিরিজ পরিবর্তনের সিদ্ধান্ত ভারতীয় রেলের।
ইতিমধ্যেই উত্তর প্রদেশের লখনউ থেকে একটি ট্রেনের পিএনআর সিরিজ পরিবর্তন করা হয়েছে। ট্রেনটির পিএনআর এখন ৫০০ সিরিজ থেকে শুরু হচ্ছে। পাইলট প্রজেক্ট হিসেবে দেশের প্রায় ১,২৩০ ট্রেনে নয়া পিএনআর সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এবার ধাপে ধাপে বাড়বে ট্রেনের সংখ্যা। লক্ষ্য ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে সব ট্রেনে নতুন পিএনআর সিস্টেম।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)