আমাকে বিয়ে না করলে কিন্তু...! মধ্যরাতে প্রেমিককে চরম হুঁশিয়ারি, তারপরই ভয়াবহ কাণ্ড টেকি অর্চনার
Hyderabad: প্রেমিককে ভিডিয়ো কলে আত্মহত্যার হুমকি। তারপরই ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২৯ বছর বয়সী আইটি কর্মী অর্চনা চৌধুরী মল্লিকের ঝুলন্ত দেহ। চার বছরের সম্পর্কের পর ওই যুবককে বিয়ের চাপ দিচ্ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা ওই তরুণী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমিককে বিয়ের জন্য প্রোপোজ। আর সেই নিয়ে শুরু হয় ব্যাপক অশান্তি। শেষে মর্মান্তিক পরিণতি হয় প্রেমিকার। আত্মঘাতী হয় তরুণী। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৯ বছরের তরুণীর ঝুলন্ত দেহ। মৃত তরুণীর নাম অর্চনা চৌধুরী মল্লিক। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। পেশায় একজন সফটওয়্যার কর্মী ছিলেন। ঘটনাটি ঘটে রবিবার ভোরে হায়দরাবাদের মাধভপুরের মাইন্ডস্পেস। ঘটনার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অর্চনা মাইন্ডস্পেসের একটি বহুজাতিক সংস্থায় সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত ছিলেন। উত্তরাখণ্ডের বাসিন্দা তাঁরই এক সহকর্মীর সঙ্গে গত চার বছর ধরে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই পুরুষ সহকর্মীটির বর্তমানে ডিভোর্সের মামলা চলছে।
তদন্তকারীরা জানান, গত রবিবার রাত প্রায় আড়াইটে নাগাদ ওই তরুণী তাঁর প্রেমিক-সহকর্মীকে ভিডিয়ো কল করেন। সেই সময় ওই যুবক নিজের মায়ের সঙ্গে হায়দরাবাদের বাইরে একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন। ভিডিয়ো চলাকালীন অর্চনা সিলিং ফ্যানে বাঁধা ওড়না দেখিয়ে দাবি করেন, তাঁকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন। এরপর ওই যুবক তরুণীকে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনও সাড়া দেননি।
পরিস্থিতি বেগতিক দেখে রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই যুবক তড়িঘড়ি অর্চনার ফ্ল্যাটে পৌঁছন। সেখানে গিয়ে তিনি দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি জরুরি নম্বর ১১২-তে ফোন করে পুলিসকে বিষয়টি জানান। মাধাপুর থানার টহলরত পুলিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢোকে এবং সিলিং ফ্যানের সঙ্গে তরুণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
ঘটনাস্থলে দ্রুত একটি ক্লুজ টিম এসে তথ্যপ্রমাণ সংগ্রহ করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য ওসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই যুগলের সম্পর্কের টানাপোড়েন ও ঘটনার নেপথ্যের সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)