এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম! মন্ত্রীর অফিসের বাইরে ২০ রাউন্ড গুলি চালিয়ে এক ব্যক্তিকে খুন করে...
Dawood Ibrahim's Aide Killed In UP Encounter: বহুদিন ধরে এই দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল পুলিস। কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের 'ডি-কোম্পানি'-র সঙ্গে যুক্ত শীর্ষস্তরের গ্যাংস্টার নাসিম দুরানি পুলিসের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে। দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলেরও বিশ্বস্ত অনুচর হিসেবে পরিচিত ছিল নাসিম।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে! পুলিসের এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার নাসিম দুরানি! কে এই নাসিম? দাউদ ইব্রাহিমের ডানহাত প্রায়। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানি এবং ছোটা শাকিলের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল এই নাসিম। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিস এবং নয়ডা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর যৌথ অভিযানে মৃত্যু হয় তার।
আরও পড়ুন: ‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই সবচেয়ে ভাল!’ লস্কর কমান্ডার লতিফের মৃত্যুতে CRPF প্রধানের পোস্ট ঘিরে রহস্য
দিল্লি-নয়ডা পুলিসের যৌথ অভিযানে
পুলিসসূত্রে জানা গিয়েছে, কুখ্যাত এই অপরাধীর বিরুদ্ধে খুন ও ডাকাতি-সহ ২৫টিরও বেশি গুরুতর ফৌজদারি মামলা। দীর্ঘদিন ধরেই পুলিস তার খোঁজ চালাচ্ছিল। এছাড়া, সাম্প্রতিক এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডেও নাসিমের নাম জড়িয়েছিল। গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় সেখানকার মন্ত্রী কপিল মিশ্রের অফিসের বাইরে সামির নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই নাসিম দুরানি। অবশেষে দিল্লি ও নয়ডা পুলিসের যৌথ অভিযানে শেষমেশ ধরা পড়ল সে।
'রিজওয়ান'
অপরাধ জগতে 'রিজওয়ান' ছদ্মনামে পরিচিত ছিল নাসিম। উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা হলেও উত্তর-পূর্ব দিল্লিতে নিজের আধিপত্য কায়েম করার চেষ্টা চালাচ্ছিল সে। একাধিক গুরুতর অপরাধে ফেরার এই গ্যাংস্টারের মাথার দাম ছিল ৫০০০০ টাকা।
আরও পড়ুন: আখভানের পরে ধেয়ে আসছে আর এক ঘূর্ণিঝড়! কোথায় আছড়ে পড়বে? কবে? কতটা ভয়ংকর
'আক্কি ডন' বনাম নাসিম
নাসিমের কর্মকাণ্ডের মূলে আছে দিল্লি গ্যাং ওয়ার। উত্তর-পূর্ব দিল্লিতে মাদকের কারবার, জুয়া এবং তোলাবাজির দখল নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী হারুন সাইফি এবং রাজা মেওয়াতি ( যে 'আক্কি ডন' নামে পরিচিত) গ্যাংয়ের সঙ্গে নাসিমের দীর্ঘদিনের সংঘাত চলছিল। চলতি বছরের ২৬ মে রাজা মেওয়াতিকে গুলি করে খুন করার ঘটনাতেও মূল শুটার হিসেবে নাসিমের নামই তখন উঠে এসেছিল।
কেরিয়ারে খুনের ইতিহাস
শোনা যায়, ২০১৬ সালে দাউদ-ঘনিষ্ঠ ছোটা শাকিল জেলবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে খুন করার বরাত দিয়েছিল এই নাসিমকে। এছাড়া, পাকিস্তানি-কন্নড় লেখক ও সাংবাদিক তারেক ফাতাহকে খুনের হুমকি দেওয়া এবং হত্যার ষড়যন্ত্রের মামলাতেও আগে নাসিমকে গ্রেফতার করেছিল পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)