অয়ন ঘোষাল: 'অর্ণবে'র লেটেস্ট আপডেট কী? কিছুক্ষণ আগের আপডেটে জানা গিয়েছে, 'অর্ণব'কে ধাক্কা মেরে পূর্ব দিকে সরানোর জন্য জম্মু কাশ্মীর-লাদাখ সীমান্তে ঢুকে পড়েছে পশ্চিমি ঝঞ্ঝা। ঘূর্ণিঝড় 'অর্ণব' এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত। ঘণ্টায় ২৩ কিমি বেগে উপকূলের দিকে এগোচ্ছে ঝড়।
রেড অ্যালার্ট
ঘূর্ণিঝড় অর্ণবের ঘূর্ণায়মান গতিবেগ এই মুহূর্তে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা। আরও গতি বাড়িয়ে সমুদ্রেই এর ঘূর্ণায়মান গতিবেগ ১৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। ২৮ অক্টোবর বুধবার ইয়ানামের কাছে ১৪০ কিমি বেগেই ল্যান্ডফল। রেড অ্যালার্ট জারি অন্ধ্রপ্রদেশে।
অতি প্রবল ঘূর্ণিঝড়
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (VSCS) পরিণত ঘূর্ণিঝড় 'অর্ণব'। গত ৬ ঘণ্টায় ২৩ কিমি বেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। গোপালপুর থেকে ৪০০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে। বিশাখাপত্তনম থেকে ৩৫০ কিমি দক্ষিণপূর্বে। কাকিনাড়া থেকে ৪২০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে।
১৪০ কিমি গতি!
আজ ২৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোবে, তারপর উত্তরপশ্চিম দিকে বাঁক নিয়ে ২৮ অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে। তখন ঝড়ের গতিবেগ থাকবে ১১৫-১২৫ কিমি, দমকা ১৪০ কিমি পর্যন্ত। অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে অ্যালার্ট ঘূর্ণিঝড় সতর্কতা জারি রয়েছে।
বাংলায় প্রভাব
সরাসরি ল্যান্ডফল নয়, তবে ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি দমকা ৬০ কিমি ঝোড়ো হাওয়া এবং ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)