জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কত দিন হিংসার আগুন জ্বলবে উত্তর-পূর্বে? এবার মণিপুরের নোনি জেলা। সেখানে নতুন করে ছাড়াল হিংসার আগুন! নিহত হলেন তিন কুকি-জো যুবক। এর জেরে থমথমে পরিস্থিতি গোটা মণিপুর রাজ্যে। নোনির নুংবা সাব-ডিভিশনের কেক্রু নাগা গ্রামে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে এই তিন কুকি-জো যুবক নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি ও উপত্যকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে নতুন করে চরম উত্তেজনা তৈরি হচ্ছে
তিনজনের মৃত্যু
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নোনি জেলার কেক্রু নাগা গ্রামে অজ্ঞাতপরিচয় সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। স্থানীয়দের মতে, ওই এলাকায় গত কয়েক দিন ধরেই চাপা উত্তেজনা ছিল। সংঘর্ষটি প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে। এই রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়। নিহত তিন যুবকের পরিচয় নিশ্চিতও করেছে পুলিস। তাঁরা হলেন: থাংলেনসাং সিংসন, থাংখোসেই হাওকিপ, ও লামমিনসাং কিপজেন। তাঁদের সবার বাড়ি চুড়াচাঁদপুর জেলায়। কুকি সংগঠনের অভিযোগ, কুকি সম্প্রদায়ের শীর্ষ সংগঠন 'কুকি ইনপি মণিপুর' এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।
উত্তেজনায় তীব্র
'কুকি ইনপি মণিপুরে'র দাবি, নিহত ব্যক্তিরা গ্রামের সুরক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী ছিলেন। এর পাশে এই হত্যাকাণ্ডের জন্য তারা ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-আইসাক মুইভা এবং জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট-কামসন-কে দায়ী করেছে। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়েছে। এই নতুন হিংসার ফলে মণিপুরে সামগ্রিক পরিস্থিতি ও পটভূমি আরও বেশি জাতিগত উত্তেজনায় তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে এই ধরনের সংঘাতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
আইনশৃঙ্খলা-পরিস্থিতি গভীর সংকটে
এর আগে, গত সপ্তাহে কুকি-জো সম্প্রদায়ের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও গত কিছুদিন ধরে কিছু এলাকায় সাধারণ মানুষের নিখোঁজ হওয়া বা অপহরণের মতো ঘটনা ঘিরেও উত্তেজনা ছড়াচ্ছিল। মণিপুরে দীর্ঘকাল ধরে চলা এই সংঘাতে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন ত্রাণশিবিরে দিন কাটাচ্ছেন। এর মধ্যে নোনি জেলার এই রক্তপাত ও নতুন সংঘর্ষ মণিপুরের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আবারও গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী ওই অঞ্চলে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)