জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই বছর ১১-২০ অক্টোবর চলবে নবরাত্রি। আর অমদাবাদে নবরাত্রি মানেই রঙিন পোশাক, ঐতিহ্যবাহী সংগীত আর গভীর রাত পর্যন্ত গরবা-ডান্ডিয়া। তবে এবার এই উৎসবের আবহে অনেকেই এক অভিনব রাস্তায় হাঁটছেন। নবরাত্রি উপলক্ষে নতুন জামা-কাপড় কিনতে দোকানে যেমন ভিড় হচ্ছে। তেমনই আবার বিভিন্ন ওয়েলনেস ও অ্যাস্থেটিক ক্লিনিকে আইভি ড্রিপ সেশনের জন্যও লম্বা লাইন! এই চিকিৎসা পদ্ধতি বেশ সাড়া ফেলেছে। দাবি, উৎসবের দিনগুলিতে মানুষকে সতেজ অনুভব করাতে এবং বাহ্যিক সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে আইভি ড্রিপ। গরবায় যেহেতু প্রায়শই গভীর রাত পর্যন্ত চলে তাই ভরসা আইভি ড্রিপ! তবে নতুন এই প্রবণতা নিয়ে নানা প্রশ্ন উঠছে—যেমন, এই চিকিৎসা পদ্ধতিতে আসলে কী করা হয়, কেন মানুষ এটি বেছে নিচ্ছেন এবং এর জন্য যে অর্থ ব্যয় করা হচ্ছে তা আদৌ যুক্তিযুক্ত কি না।
আইভি ড্রিপ থেরাপি কী?
আইভি বা ইন্ট্রাভেনাস থেরাপির মাধ্যমে একটি ছোট নলের সাহায্যে তরল ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরাসরি শিরার ভেতর প্রবেশ করানো হয়। এর ফর্মুলেশনে তরল পদার্থ ছাড়াও ভিটামিন, খনিজ উপাদান বা অন্যান্য উপাদান থাকতে পারে। কিছু ওয়েলনেস ক্লিনিকে ভিটামিন সি, বি-কমপ্লেক্স ভিটামিন, জিংক, ম্যাগনেসিয়াম ও গ্লুটাথিয়নের মিশ্রণ দেওয়া হয়, যা শরীরে জলের ভারসাম্য রক্ষা (হাইড্রেশন), শক্তি বৃদ্ধি বা ত্বকের উপকারের জন্য ব্যবহৃত হয়। ট্যাবলেট বা মুখে খাওয়ার সাপ্লিমেন্টের বিপরীতে, আইভি ইনফিউশন পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে না গিয়ে সরাসরি রক্তপ্রবাহে মিশে যায়। তবে এর অর্থ এই নয় যে, এটি সবার জন্য অধিক স্বাস্থ্যগত সুবিধা বয়ে আনবে। একজন ব্যক্তির ইন্ট্রাভেনাস পুষ্টির প্রয়োজন আছে কি না, তা নির্ভর করে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার প্রয়োজনীয়তার উপরেই।
নবরাত্রির আগে কেন আইভি ড্রিপ থেরাপির জনপ্রিয়তা বাড়ছে?
এর কারণ হল নবরাত্রিতে অত্যন্ত ব্যস্ত সময়সূচি। গরবা উদযাপনের সময় ঘণ্টার পর ঘণ্টা একটানা নাচতে হয়—অনেক সময় গভীর রাত পর্যন্ত—অথচ পরদিন সকালেই অনেক আবার কাজ বা পড়াশোনায় ফেরেন। তাই উৎসবের পুরো সময়জুড়ে ক্লান্তি দূর করে সতেজ থাকার আশায় অনেকে আইভি থেরাপি নিচ্ছেন। বাইরের সৌন্দর্য বা রূপসজ্জাও এর পেছনে আরেকটি কারণ। জমকালো পোশাক, মেকআপ এবং ছবি তোলা যেহেতু উৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ, তাই অনেকে ত্বকের আর্দ্রতা বজায় রাখা এবং উজ্জ্বল ত্বক পাওয়ার লক্ষ্যে বিভিন্ন চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। এই প্রবণতা কেবল তরুণদের মধ্যেই সীমাবদ্ধ নয়। জানা গিয়েছে যে, ৩০ ও ৪০-এর কোঠায় থাকা কর্মজীবীরা এই থেরাপির কথা ভাবছেন।
অমদাবাদে আইভি ড্রিপ সেশনের খরচ কত?
আইভি ড্রিপ সেশনের খরচ নির্ভর করে সংশ্লিষ্ট ক্লিনিক, ব্যবহৃত উপাদান এবং প্যাকেজে অন্তর্ভুক্ত সেশনের সংখ্যার ওপর। দ্য সিএসআর জার্নালের তথ্য অনুযায়ী, অমদাবাদে সিঙ্গল সেশনের জন্য খরচ ৪০০০ থেকে ১০০০০ টাকার মধ্যে। অন্যদিকে, একাধিক সেশনযুক্ত কিছু প্যাকেজের খরচ ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। অনেক গ্রাহকের কাছে এই চিকিৎসাটি নিয়মিত সৌন্দর্যচর্চার অংশ না হয়ে বরং উৎসবের আগে এককালীন একটি খরচের বিষয়। মানুষের এই ক্রমবর্ধমান আগ্রহ থেকে বোঝা যায় যে, উৎসব উদযাপনগুলি এখন ক্রমশ অভিজ্ঞতা-কেন্দ্রিক হয়ে ওঠায় অনেকেই সুস্থতা ও বাহ্যিক সৌন্দর্যের পেছনে অধিক অর্থ ব্যয় করছেন।
আইভি ড্রিপ কি নিরাপদ এবং এগুলি কি সত্যিই কার্যকর?
আইভি থেরাপি নেওয়ার কথা ভাবার আগে চিকিৎসকের তত্ত্বাবধান অত্যন্ত জরুরি। যদিও নির্দিষ্ট কিছু চিকিৎসাজনিত প্রয়োজনে শিরায় প্রয়োগযোগ্য তরল ও পুষ্টি উপাদান উপকারী হতে পারে, তবে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও স্বাভাবিক মাত্রায় জলপানের তুলনায় সুস্থ মানুষের ক্ষেত্রে শৌখিন বা ঐচ্ছিক ভিটামিন ড্রিপ থেকে বাড়তি কোনো সৌন্দর্যগত বা শক্তি-সংক্রান্ত সুবিধা পাওয়ার সপক্ষে প্রমাণ খুবই সীমিত। অপ্রয়োজনীয় বা ভুল পদ্ধতিতে ইনফিউশন বা ড্রিপ প্রয়োগের ফলে সংক্রমণ, অ্যালার্জির প্রতিক্রিয়া, শরীরে অতিরিক্ত তরল জমা হওয়া কিংবা ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া, কিছু উপাদান নির্দিষ্ট কিছু শারীরিক অবস্থার রোগীদের জন্য অনুপযুক্ত হতে পারে। তাই যাঁরাএই চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তাদের যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যিনি এটি উপযুক্ত কি না তা যাচাই করে দেখতে পারবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)