জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে বাংলাদেশে নতুন বিতর্ক! এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগ উঠল। অভিযোগের তির লন্ডনের আইনজীবী সংস্থা Matrix Chambers-এর দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহযোগী মহম্মদ রাশেদ খানের দাবি, হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য বাংলাদেশ হাই কমিশনে পাঠানো চিঠিতে তাঁর স্বাক্ষরে অসঙ্গতি রয়েছে। এমনকী, স্বাক্ষর জাল করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
কী নিয়ে বিতর্ক?
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য তাঁর হয়ে উদ্যোগ নিয়েছে লন্ডনের আইনজীবী সংস্থা Matrix Chambers। এই সংস্থার আইনজীবী স্টিভেন পাওলস কেসি ৯ নভেম্বর প্রথমবার বাংলাদেশের দিল্লির হাই কমিশনে চিঠি পাঠান। সেখানে হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানানো হয়।
এরপর ১৯ নভেম্বর ফের একটি চিঠি পাঠান ওই আইনজীবী। আগের আবেদনের বিষয়ে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানান তিনি। পাশাপাশি হাসিনার হয়ে আইনি প্রতিনিধিত্ব করার অথরাইজেশন লেটারও জমা দেন। আর এই অনুমতিপত্রেই হাসিনার স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুলেছেন রাশেদ খান।
কেন স্বাক্ষর নিয়ে উঠছে প্রশ্ন?
রাশেদ খানের দাবি, শেখ হাসিনা তাঁর প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি নথিপত্রে বাংলায় স্বাক্ষর করতেন। জাতীয় পরিচয়পত্রেও তাঁর স্বাক্ষর বাংলায় রয়েছে বলে দাবি করেছেন তিনি। অথচ নতুন আবেদনের সঙ্গে জমা দেওয়া অনুমতিপত্রের স্বাক্ষরে সেই পরিচিত স্বাক্ষরের সঙ্গে অমিল রয়েছে বলে অভিযোগ। ফেসবুক পোস্টে রাশেদ জানিয়েছেন, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের এক আধিকারিকের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁর দাবি, নথি যাচাই করার পর ওই আধিকারিকও স্বাক্ষরে জালিয়াতির প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন।
রাশেদের প্রশ্ন, হাসিনার মতো একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সরকারি নথির আবেদনে কীভাবে অন্য ধরনের স্বাক্ষর ব্যবহার করা হল? আইনজীবী সংস্থা কেন আগে থেকে স্বাক্ষরের ভাষা ও ধরন যাচাই করল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বাংলাদেশের হাই কমিশনের তরফেও এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে আসেনি।
বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা?
২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের ক্ষমতা ছাড়ার পর ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। এবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন ঘিরে তাঁর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন হাসিনা। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেও দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে বাংলাদেশে একাধিক আইনি মামলা রয়েছে। ২০২৪ সালের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়। হাসিনা অবশ্য অভিযোগ ও বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)