অয়ন ঘোষাল: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের আগে রাজনৈতিক হিংসা অব্যাহত বাংলাদেশ। মঙ্গলবার রাতে দফায় দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার রাতে দফায় দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটল বাংলাদেশের বিভিন্ন জায়গায়। শেখ হাসিনার খাসতালুক টুঙ্গিপাড়ায় আগুন লাগিয়ে দেওয়া হয় থানায়। অন্তত তিনটি গাড়ি ভস্মীভূত হওয়ার খবর মিলেছে।
অগ্নিসংযোগ করা হয়েছে সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও। এ সময় ‘জয় বাংলা’ স্লোগানও শোনা গিয়েছে। উভয়ক্ষেত্রেই অভিযোগের তির হাসিনার আওয়ামি লীগের দিকে। আগুন জ্বলেছে রাজধানী ঢাকাতেও। পল্লবী ও মহাখালিতে দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফ্লাইওভারের উপর থেকে দু’টি দেশি বোমা ছোড়া হয়েছে। জখম হয়েছেন তিন পথচারী। ঢাকা এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম তালুকদার জানিয়েছেন, ফ্লাইওভারের উপর অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বোমা ছুড়েছে। একটি বোমা ফেটেছে বিমানবন্দরের বাইরের গেটের কাছে, অন্যটি ফ্লাইওভারের সংযোগস্থলে জসিমুদ্দিন এলাকায়। তবে এই ঘটনার সঙ্গে হাসিনার সম্ভাব্য প্রত্যবর্তনের যোগসূত্র রয়েছে কি না,তা স্পষ্ট নয়। তদন্ত চলছে।
বাংলাদেশের আঁচ বিলেতেও
বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে উত্তেজনার আঁচ পৌঁছে গিয়েছে ব্রিটেনের রাস্তাতেও। মঙ্গলবার পূর্ব লন্ডনের রোমফোর্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামি লীগের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছেন। লন্ডনে আসা এনসিপি প্রধান নাহিদ ইসলামের জন্য আয়োজিত নাগরিক সংবর্ধনার একটি অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের এই ঘটনা। জখম হয়েছেন চার-পাঁচজন। আওয়ামি লীগের সমর্থকদের প্রতিরোধের মুখে পড়ে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বাংলাদেশের এই প্রভাবশালী রাজনীতিবিদ। রাজনৈতিক অশান্তির পাশাপাশি বেতনবৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভও অব্যাহত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)