SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

আপনি কি সিঙ্গল? ব্লাইন্ড ডেটে ডাকছে ফিনল্যান্ড! সব খরচ দেবে 'বিশ্বের সবচেয়ে সুখী দেশ', কীভাবে করবেন আবেদন?

বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে প্রায়শই স্বীকৃত ফিনল্যান্ড। আগামী বছর ফেব্রুয়ারি মাসে সারা বিশ্বের অবিবাহিত ব্যক্তিদের ব্লাইন্ড ডেটে ডাকছে ইউরোপের দেশটি। যেখানে সব সমস্ত খরচ বহন করবে ফিনিশ সরকার! কি চমকে গেলেন নাকি? তাহলে জানুন কীভাবে করবেন আবেদন?

Written By Subhapam Saha
Published: Nov 03, 2026, 08:31 PM IST | Updated: Nov 03, 2026, 08:38 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর-পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে রয়েছে ফিনল্যান্ড। 'বিশ্বের সবচেয়ে সুখী দেশ' হিসেবেও যে রাষ্ট্রের পরিচয় রয়েছে। আর এমন দেশই এবার সিঙ্গলদের দিচ্ছে এক দুর্দান্ত সুযোগ। ব্লাইন্ড ডেটে আমন্ত্রণ জানিয়েছে ফিনল্যান্ড। তাও আবার সম্পূর্ণ বিনা পয়সায়! কী পড়ে চোখ কপালে উঠল নাকি! ভাবছেন বোধহয় কোনও গিমিক! একেবারেই তেমনটা নয়। ১০০ শতাংশ সত্যি। ফিনল্যান্ডের পর্যটন বোর্ড 'ভিজিট ফিনল্যান্ড' ও 'ফিনিশ ডিনার ডেট' ক্যাম্পেইন চালু করেছে। যার উদ্দেশ্যই হল আন্তর্জাতিক পর্যটকজের ফিনল্যান্ডের খাদ্য সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো এবং একই সঙ্গে তাঁদের সম্ভাব্য রোমান্টিক পার্টনারের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ করে দেওয়া। ফোর্বসের বলছে ফিনল্যান্ড ১৬ জন অবিবাহিত প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বেছে নেবে। যারা ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে আয়োজিত এই বিশেষ সফরে অংশ নেবেন। অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের রন্ধনশৈলীর ঐতিহ্য সম্পর্কে জানবেন, স্থানীয় বিভিন্ন সুস্বাদু খাবারের স্বাদ নেবেন এবং হেলসিংকি ও টাম্পেরে (লেকল্যান্ড অঞ্চল) শহরে স্থানীয় ফিনিশ অবিবাহিত ব্যক্তিদের সঙ্গে বিশেষ গ্রুপ ডিনার ডেটেও অংশ নেবেন। খাবারের মেনুতে থাকবে ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী সব উপাদান ও পদ—যেমন বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি এবং প্রাকৃতিক মাশরুম। দেশের শীর্ষস্থানীয় শেফদের তত্ত্বাবধানে তৈরি এই খাবারগুলিতে ফিনিশ রন্ধনশৈলী, প্রকৃতি এবং মরসুমি পণ্যের মধ্যের গভীর সম্পর্ক ফুটে উঠবে।

আরও পড়ুন: ১২০ ঘণ্টায় ২৩ ভারতীয় নাবিকের বলি! অজ্ঞাত ভয়াল আকাশযানে তছনছ জাহাজ! সমুদ্রে কালো ধোঁয়া-আগুন

কী বলছে ফিনল্যান্ডের সরকার?

ফিনল্যান্ডের কর্মসংস্থান ও অর্থনীতি মন্ত্রকের অধীনস্থ সরকারি সংস্থা- বিজনেস ফিনল্যান্ড। তাদের আন্তর্জাতিক বিপণন বিভাগের সিনিয়র ডিরেক্টর হেলি জিমেনেজ বলছেন, 'ফিনিশ খাবার আমাদের সুপরিচিত সুখী জীবনযাত্রারই এক প্রত্যক্ষ প্রতিফলন, এটি এমন এক মাধ্যম, যা আপনাকে আপনার চারপাশের পরিবেশ, ঋতু এবং মানুষের সঙ্গে সংযুক্ত করে। খাবার ফিনল্যান্ডের মানুষদের একত্রিত করে। আর এখন আমরা পর্যটকদেরও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে এই অনন্য অভিজ্ঞতায় শামিল হওয়ার জন্য।'
এই প্রচার অনুপ্রাণিত হয়েছে ‘সিঙ্কুকোরি’ নামের একটি ফিনিশ ডেটিং প্রবণতা থেকে। ফিনল্যান্ডের কিছু সুপারমার্কেটে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করা হয়, যা দেখে বোঝা যায় যে সংশ্লিষ্ট ক্রেতা অবিবাহিত এবং তিনি অন্যদের সঙ্গে আলাপচারিতায় আগ্রহী। যা থেকে হয়তো কোনও রোমান্টিক সম্পর্কেরও সূচনা হতে পারে! পর্যটন বোর্ডের লক্ষ্যই হল আন্তর্জাতিক পর্যটকদের ফিনিশ রন্ধনশৈলীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। কারণ তাদের মতে, ইউরোপীয় বা অন্যান্য বৈশ্বিক রন্ধন ঐতিহ্যের তুলনায় ফিনিশ খাবার এখনও কিছুটা আড়ালেই রয়ে গিয়েছে। এই প্রসঙ্গে জিমেনেজ বলেন, 'সনা-কেন্দ্রিক খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রকৃতি থেকে খাবার সংগ্রহের রীতি, ফিনিশ রন্ধনশৈলী এমন এক গল্পের বয়ান দেয়, যা অন্য কোথাও পাওয়া যায় না। আমরা চাই পর্যটকরা যেন সেই গল্পের পূর্ণ অভিজ্ঞতা লাভ করেন।' এই উদ্যোগটি খাদ্য-পর্যটনের সঙ্গে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগকেই একত্রিত করেছে। আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, এই ডিনার ডেট বা নৈশভোজের আয়োজনগুলি হবে বেশ ঘরোয়া ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। যেখানে অংশগ্রহণকারীরা একসঙ্গে বসে খাবার উপভোগ করবেন এবং ফিনল্যান্ডের বিশেষ টেস্টিং মেনুও চেখে দেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন:  মজুত রাখুন ৭২ ঘণ্টার জরুরি রসদ!‌ মহাপ্রলয়ের সতর্কবার্তা সরকারের, কোন অশনি সংকেতে বুক কাঁপছে বিশ্বের?


কারা আবেদন করতে পারবেন?

বিশ্বের যে কোনও প্রান্তের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এর জন্য আবেদন করতে পারবেন। তবে শর্ত হল তাঁরা ফিনল্যান্ডের বাসিন্দা হতে পারবেন না। আবেদন করতে হবে ব্যক্তিগত ভাবেই। আবেদনের অংশ হিসেবে প্রার্থীদের ইংরেজিতে একটি সংক্ষিপ্ত ভিডিয়ো রেকর্ড করতে হবে। যেখানে তারা এই প্রশ্নের উত্তর দেবেন: 'একটি ডিনার ডেটে আপনি কী পরিবেশন করবেন এবং কেন?' এরপর, এই ভিডিয়োটি ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের মতো কোনও পাবলিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। পোস্ট করার সময় #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং 'ভিজিট ফিনল্যান্ড'কে ট্যাগ করতে হবে। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। ফিনিশ সময়ে (EET, UTC+2) সকাল ১১টা ৫৯ মিনিট। নির্বাচিত অংশগ্রহণকারীদের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে ঘোষণা করা হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের ভ্রমণের জন্য বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং বিভিন্ন কার্যক্রমের ব্যয় বহন করবে ফিনল্যান্ড পর্যটন বোর্ড। অর্থাৎ আর এই পুরো অভিজ্ঞতার আয়োজন তাদের পক্ষ থেকেই করা হবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES