উত্তপ্ত বাংলাদেশ: নড়াইল-পাবনায় ৩০০ হিন্দুর বাড়িতে আগুন, নির্বিচারে চলছে লুঠপাট! BNP-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আওয়ামী লীগের...
ফের অশান্তির আগুনে উত্তপ্ত পদ্মাপাড়। নড়াইলে লুঠপাট ও হিন্দু পরিবারের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে, পাশাপাশি হাসিনার ফেরার খবরে বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘাত ও হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে।
মৌমিতা চক্রবর্তী: জ্বলছে বাংলাদেশ। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উত্তেজনা। একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘাত ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠছে; অন্যদিকে বাংলাদেশের নড়াইল ও পাবনা জেলার একাধিক এলাকায় বিশেষ করে ঘোষপাড়া ও সংখ্যালঘু হিন্দু পরিবারের ৩০০ বাড়িঘরে আগুন, লুঠপাট ও তাণ্ডবের ঘটনায় উত্তাল গোটা দেশ। শুক্রবার রাতে তৈরি হয়েছে ব্যাপক অশান্তি।
আরও পড়ুন- শেখ হাসিনার সই জাল? পাসপোর্ট-এনআইডির আবেদনে নতুন বিতর্ক!
আগামী ডিসেম্বরই দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ এবং নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন ঘিরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের চর্চা তুঙ্গে উঠেছে। এই আবহে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, অবরোধ, পাল্টা হামলা এবং রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসছে। কোথাও আওয়ামী লীগের সমর্থক ও কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে, আবার কোথাও রাজনৈতিক কর্মসূচি ও পাল্টা প্রতিশোধের জেরে অশান্তি ছড়িয়ে পড়েছে।
শুক্রবার কালিয়ায় পৌঁছে বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দলবল নিয়ে সাম্প্রতিক সময়ে বিএনপির নিহত নেতাদের কবরে শ্রদ্ধা জানান। এর পরে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনও ভাবেই স্বৈরাচারী শক্তির হিংসাকে মেনে নেওয়া হবে না। দুর্বৃত্তদের কঠোর ভাবে মোকাবিলা করতে হবে। সূত্রের খবর, রিজভী এলাকায় থাকাকালীনই উত্তেজনা সৃষ্টি হয় এবং বিএনপি কর্মীরা বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে থাকে। এর পর শুক্রবার সারারাত জুড়ে দফায় দফায় আওয়ামী লীগের সমর্থক ও কর্মীদের বাড়িতে আক্রমণ করা হয়। দাউ দাউ করে জ্বলতে থাকা ঘরবাড়ি ও অসহায় মানুষের আর্তনাদে এলাকা জুড়ে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সব মিলিয়ে, একদিকে শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা ও রাজনৈতিক মেরুকরণ, অন্যদিকে নড়াইল-সহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে আগুন ও লুঠপাটের অভিযোগ— এই দুইয়ের টানাপোড়েনে গোটা বাংলাদেশজুড়েই এখন থমথমে ও অস্থির পরিবেশ। স্থানীয় বাসিন্দা ও সংখ্যালঘু পরিবারগুলির মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। এই পরিস্থিতিতে কী করছে বাংলাদেশ সরকার? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)