SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'বোরখা পরতে বারণ করলে ৩টে পরব!', হিজাব বিতর্কে মুখ খুললেন শাবানা

হিজাব-বোরখা বিতর্কে এবার বিস্ফোরক মন্তব্য শাবানা আজমির। কেউ তাঁকে বোরখা পরতে বাধ্য করতে পারেন না, আবার নিষেধও করতে পারেন না- সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী।

Written By Debasmita Das
Published: Nov 23, 2026, 11:15 IST | Updated: Nov 23, 2026, 11:58 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিজাব-বোরখা বিতর্কে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী শাবানা আজমি। তাঁর মতে, কোনও মহিলাকে বোরখা পরতে বাধ্য করা যেমন ঠিক নয়, তেমনই তাঁকে বোরখা পরতে নিষেধ করাও উচিত নয়। বরং পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা উচিত প্রত্যেকের। সম্প্রতি একটি পডকাস্টে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাবানা বলেন, তাঁকে যদি বোরখা পরতে বারণ করা হয়, তাহলে তিনি তিনটি বোরখা পরবেন!

কোরানে কি বোরখা পরার নির্দেশ রয়েছে?

পডকাস্টে শাবানা দাবি করেন, কোরানে মহিলাদের বোরখা পরার কোনও নির্দিষ্ট নির্দেশ নেই। তাঁর বক্তব্য, কোরানে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই চোখে সংযম এবং শালীনতা বজায় রাখার কথা বলা হয়েছে। তাঁর মতে, ধর্মের মূল বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করেন কিছু মধ্যস্থতাকারী। তাঁদের কারণেই ধর্মীয় নির্দেশ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

নিজের প্রসঙ্গে শাবানা জানান, তিনি ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়মিত পালন করেন না। তবে সাংস্কৃতিক পরিচয়ে নিজেকে মুসলিম বলেই মনে করেন। অভিনেত্রীর কথায়, তিনি নিজে বোরখা পরেন না। কিন্তু কেউ যদি তাঁকে বোরখা পরতে নিষেধ করেন, তাহলে তিনি তিনটি বোরখা পরবেন। কারণ, কী পোশাক পরবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নিজের।

ধর্মনিরপেক্ষতার আড়ালে মৌলবাদ নয়

শাবানার আরও বক্তব্য, ধর্মনিরপেক্ষতার নামে মৌলবাদ ছড়ানোও ঠিক নয়। তাঁর মতে, কোনও ব্যক্তির পোশাকের স্বাধীনতায় জোর করে হস্তক্ষেপ করা উচিত নয়। বোরখা কিংবা হিজাব পরা নিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে ব্যক্তিগত পছন্দ এবং স্বাধীনতার প্রশ্ন। সেই স্বাধীনতাকে সম্মান করা প্রয়োজন বলেই মনে করেন অভিনেত্রী।

এর আগেও হিজাব বিতর্কে নিজের মত প্রকাশ করেছেন শাবানা। ২০২২ সালে কর্নাটকে হিজাব পরা নিয়ে বিতর্কের সময় অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্যের জবাব দিয়েছিলেন তিনি। আফগানিস্তানে বোরখা না পরার সাহস দেখানোর পরামর্শ দিয়েছিলেন কঙ্গনা। তার পাল্টা শাবানা প্রশ্ন তুলেছিলেন, আফগানিস্তান ধর্মতান্ত্রিক রাষ্ট্র হলেও ভারত কিন্তু ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। দুই দেশের পরিস্থিতিকে এক করে দেখা যায় না।

অভিনেতাদের রাজনীতিতে আসা নিয়েও মত শাবানার

শুধু হিজাব বা বোরখা নয়, অভিনেতাদের রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও কথা বলেছেন শাবানা। তাঁর মতে, রাজনীতিতে আসা প্রত্যেক অভিনেতার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে শুধুমাত্র সম্মান বা পরিচিতির জন্য রাজনীতিতে আসা উচিত নয়। সমাজের জন্য কাজ করার দায়িত্ব নিয়ে রাজনীতিতে এলে সেই দায়িত্ব আন্তরিকভাবে পালন করা প্রয়োজন।

উল্লেখ্য, শাবানা আজমি নিজেও রাজ্যসভার মনোনীত সদস্য ছিলেন। ১৯৯৭ সালে রাষ্ট্রপতি তাঁকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেন। সংসদে থাকাকালীন নারী অধিকার, শিশু কল্যাণ, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা এবং প্রান্তিক মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হয়েছিলেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES