‘বহুরূপী’-র পর ফের বড় চমক! রবি কিষাণকে নিয়ে নয়া ছবির প্রস্তুতি নন্দিতা-শিবপ্রসাদের
ভারতীয়দের রোজকার জীবন, ফ্যাশন আর আকাঙ্ক্ষায় কোরিয়ান সংস্কৃতির প্রভাব— এবার বড় পর্দায় সেই গল্প বলবেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়! মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেতা রবি কিষাণ। হাসি, আবেগ ও সামাজিক বার্তায় মোড়া এই নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ২০২৭-এর শুরুতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় তরুণ প্রজন্ম থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কোরিয়ান সংস্কৃতির প্রভাব চোখে পড়ার মতো। কে-পপ গান, কোরিয়ান ড্রামা, ফ্যাশন, রূপচর্চা কিংবা জীবনধারার নানা দিক কীভাবে ভারতীয়দের রুচি, আকাঙ্ক্ষা ও সম্পর্কগুলিকে নতুনভাবে গড়ে তুলছে— এবার সেই বিষয়টিই বড় পর্দায় তুলে ধরতে চলেছেন জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আর এই ছবিতে কেন্দ্রীয় বা মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রবি কিষাণকে। তবে বাংলায় নয়, এই ছবির মুখ্য ভাষা হিন্দি।
আরও পড়ুন- এত তাড়াতাড়ি সব শেষ! কে জানত? নেটফ্লিক্সের জনপ্রিয় অভিনেতা আর নেই...
ছবিটির চিত্রনাট্য লিখেছেন চিত্রনাট্যকার তথা প্রাক্তন সাংবাদিক জিনিয়া সেন। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে উইন্ডোজ প্রোডাকশন এবং রাঘবেন্দ্র সিং। নির্মাতাদের দাবি, দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের এই গল্পটি হবে হাস্যরস ও আবেগে ভরপুর, তবে এর মূলে থাকবে গভীর সামাজিক বার্তা। কীভাবে বাইরের সংস্কৃতির প্রভাব ধীরে ধীরে আমাদের রোজকার জীবনের অঙ্গ হয়ে উঠছে এবং মানুষের দৃষ্টিভঙ্গি ও সম্পর্কের সমীকরণ বদলে দিচ্ছে, সেটাই সহজ ও মর্মস্পর্শী ভাষায় বলার চেষ্টা করা হবে এই ছবিতে।
সমাজের প্রাসঙ্গিক বিষয়গুলিকে মূলধারার দর্শকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নন্দিতা ও শিবপ্রসাদের নিজস্ব এক মুন্সিয়ানা রয়েছে। তার সঙ্গে রবি কিষাণের স্বতন্ত্র অভিনয়শৈলী ও প্রাণবন্ত উপস্থিতি গল্পটিকে এক আলাদা মাত্রা দেবে বলে মনে করছেন নির্মাতারা। সবকিছু ঠিকঠাক এগোলে ২০২৭ সালের শুরুর দিকেই ছবির শুটিং ফ্লোরে যাওয়ার পরিকল্পনা রয়েছে টিমের।
আরও পড়ুন- জিতুর জয় নিয়ে বিতর্ক তুঙ্গে! ‘ভণ্ডামির একটা সীমা থাকে’, কাকে নিশানা নবনীতার?
অভিনয় এবং রাজনীতি— দুই ক্ষেত্রেই সমান সক্রিয় রবি কিষাণ সাম্প্রতিক সময়ে পর্দায় এক নতুন জোয়ার তৈরি করেছেন। কিরণ রাও পরিচালিত ‘লাপতা লেডিজ’ এবং নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মামলা লিগ্যাল হ্যায়’-এ তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। চলতি বছরে ‘মির্জাপুর: দ্য মুভি’-তে ‘বাব্বন’ নামের এক মাদক সম্রাটের খলচরিত্রে নজর কেড়েছেন তিনি। পাশাপাশি ‘মা বহেন’ এবং ‘ধামাল ৪’-এর মতো ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। আগামী দিনে সানি দেওলের সঙ্গে ‘সূর্য: অন্ত সে আরম্ভ তক’ এবং ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পেতে চলা ভক্তিমূলক নাটক ‘মেরা ইয়ার বজরঙ্গী – দোস্তি হো তো অ্যায়সি’-তেও দেখা যাবে রবি কিষাণকে।
অন্যদিকে, ‘বেলাশেষে’, ‘প্রাক্তন’, ‘পোস্ত’, ‘বেলাশুরু’ এবং ‘বহুরূপী’-র মতো একাধিক সফল ও প্রশংসিত বাংলা ছবি উপহার দিয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরেশ রাওয়াল ও নীনা কুলকার্নি অভিনীত ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবির মাধ্যমে ২০২৩ সালে হিন্দি ছবিতেও পা রেখেছিলেন তাঁরা। এবার রবি কিষাণকে নিয়ে তাঁদের এই নতুন সাংস্কৃতিক ও সামাজিক বিনোদনমূলক ছবি কোন চমক নিয়ে আসে, সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)