জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার, ১২ নভেম্বর মুম্বইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন জয়ন্ত। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে মেঘা মুখোপাধ্যায়। জয়ন্ত ছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র।
‘বালিকা বধূ’ থেকেই শুরু সম্পর্কের সূত্রপাত
বাংলা ছবির জগতে মৌসুমী চট্টোপাধ্যায়ের পরিচিতি তৈরি হয়েছিল ‘বালিকা বধূ’ ছবির হাত ধরে। সেই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তী সময়ে হেমন্ত-পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় মৌসুমীর।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময় তাঁর বাগ্দান ঠিক হয়। মাত্র ১৫ বছর বয়সে বিয়ে করেন তিনি। মৌসুমীর কথায়, তাঁর বড় পিসির শেষ ইচ্ছা ছিল অভিনেত্রীর বিয়ে দেখে যাওয়া। সেই ইচ্ছা পূরণ করতেই দ্রুত বিয়ের আয়োজন হয়েছিল। বিয়ের পর মুম্বইয়ে চলে যান তাঁরা। সেখান থেকেই হিন্দি ছবির জগতে নিজের জায়গা তৈরি করেন মৌসুমী।
প্রযোজক হিসেবেও কাজ করেছেন জয়ন্ত
বাবা হেমন্ত মুখোপাধ্যায়ের মতো সঙ্গীতের জগতে খুব বেশি পরিচিতি না পেলেও, বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন জয়ন্ত। মূলত প্রযোজক হিসেবেই কাজ করেছেন তিনি। ‘মজাক’, ‘দো লড়কে দোনো কড়কে’-র মতো ছবির সঙ্গে যুক্ত ছিলেন জয়ন্ত। ১৯৯২ সালের টেলিভিশন ধারাবাহিক ‘তলাশ’-এর প্রযোজনার দায়িত্বেও ছিলেন তিনি।
পাঁচ দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে মৌসুমী ও জয়ন্তের দুই মেয়ে- পায়েল ও মেঘা। ২০১৯ সালে বড় মেয়ে পায়েলকে হারান তাঁরা। এবার স্বামীকে হারিয়ে ফের কঠিন সময়ের মুখে অভিনেত্রী। জয়ন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)