SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কোনও অজুহাত নয়! প্রাইম টাইমে চালাতেই হবে বাংলা ছবি, আরও ৫১ সিনেমা হল তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

হিন্দি ছবির দাপটে আর নামানো যাবে না বাংলা ছবি! প্রাইম টাইমে প্রতিটি প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা চালানো এবার বাধ্যতামূলক, কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘সাধক বামাখ্যাপা’ সরানো যাবে না হল থেকে, পাশাপাশি রাজ্যে তৈরি ও সংস্কার করা হবে আরও ৫১টি সিনেমা হল!

Written By Soumita Mukherjee
Published: Nov 24, 2026, 16:56 IST | Updated: Nov 24, 2026, 17:07 IST
Join

সুচরিতা দে-কমলাক্ষ ভট্টাচার্য: প্রাইম টাইমে বাংলা সিনেমা চালানোর আইন ও নির্দেশিকা আগে থেকে থাকলেও, নানা সময়ে বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলেই বাংলা ছবিকে প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হত। টলিউডের পরিচালক ও প্রযোজকদের এই দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এবার থেকে প্রতিটি প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা সিনেমা চালানো সম্পূর্ণ বাধ্যতামূলক। এর কোনও অন্যথা করা চলবে না।

এদিনের বৈঠকে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ‘সাধক বামাখ্যাপা’ ছবিটির প্রসঙ্গও উঠে আসে। হিন্দি ছবির দাপটে বাংলা ছবির শো কমিয়ে দেওয়া বা হল থেকে নামিয়ে দেওয়ার প্রবণতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দেন, কোনোভাবেই ‘সাধক বামাখ্যাপা’ ছবিটিকে হল থেকে নামানো যাবে না। শুধু তাই নয়, যে সমস্ত হল মালিকদের আগে এই ছবিটি চালানোর জন্য দেওয়া হয়নি, তাঁদেরও এবার ছবিটি প্রদর্শনের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিচালক ও প্রযোজকদের অভিযোগ ছিল, হিন্দি সিনেমা এলেই কোপ পড়ে বাংলা সিনেমার ওপর। মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর সেই সমস্যার স্থায়ী সমাধান হবে বলেই মনে করছে টলিপাড়া।

আরও পড়ুন- হাউজফুল শো, তবুও হিন্দি ছবির চাপে হল থেকে সরছে ‘সাধক বামাক্ষ্যাপা’! ক্ষোভ টলিউডে

প্রেক্ষাগৃহে শো-টাইম সংক্রান্ত যেকোনো জটিলতা এড়াতে এবং হল মালিক, পরিবেশক ও প্রযোজকদের মধ্যে সমন্বয় বজায় রাখতে এবার থেকে একটি বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও বাংলা ছবির শো কমানোর চেষ্টা হলে বা কোনো সমস্যা তৈরি হলে, এই কমিটি সরাসরি হস্তক্ষেপ করে তা মেটাবে। কমিটির মূল উপদেষ্টা থাকবেন মিঠুন চক্রবর্তী। থাকবেন রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, রানা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, অরিজিৎ দত্ত। বর্তমানে শহরে নেই মিঠুন চক্রবর্তী। তিনি ২৬ তারিখ ফিরলে তৈরি হবে এই কমিটি। ৩১শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবেন তাঁরা। বাংলা সিনেমা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো তারা দেখবেন। কী কী সমস্যা রয়েছে, সমাধানের প্রস্তাব দেবেন।  

আরও পড়ুন- 'বোরখা পরতে বারণ করলে ৩টে পরব!', হিজাব বিতর্কে মুখ খুললেন শাবানা

পাশাপাশি, রাজ্যে সিনেমা হলের ক্রমহ্রাসমান সংখ্যা নিয়েও এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, একসময় বাংলায় ৮০০-র বেশি সিনেমা হল থাকলেও, বর্তমানে সেই সংখ্যা কমতে কমতে মাত্র ১০০-তে এসে ঠেকেছে। সিঙ্গল স্ক্রিনগুলির এই রুগ্ণ দশা কাটাতে এবং হলের সংখ্যা বাড়াতে রাজ্যে আরও ৫১টি নতুন সিনেমা হল প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত পুরনো সিনেমা হল বর্তমানে বন্ধ বা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সেগুলিকেও সংস্কার করে পুনরায় সিনেমা চালানোর উপযোগী করে তোলা হবে।

 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই জোড়া পদক্ষেপে অর্থাৎ প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক করা এবং নতুন ও সংস্কারযোগ্য মিলিয়ে ৫১টি হল চালু করার সিদ্ধান্তে, সন্তোষপ্রকাশ টলিউডের। প্রযোজক, পরিচালক থেকে শুরু করে কলাকুশলীদের আশা, প্রশাসনের এই সরাসরি হস্তক্ষেপে বাংলা ছবির ব্যবসা যেমন ঘুরে দাঁড়াবে, তেমনই সাধারণ দর্শকরাও নিজেদের ভাষার ছবি দেখার আরও বেশি সুযোগ পাবেন।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন থেকে টিম ম্যানেজমেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী। 
Read More

ZEENEWS TRENDING STORIES