'কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে!' ঘুম ভাঙতেই ইনবক্সে ছাঁটাইয়ের লেটার, ভোরের ইমেইলেই ২৫০ কর্মীকে ছাঁটাই অ্যামাজনের
Amazon Layoff: ভোরে ইনবক্সে ইমেল পাঠিয়ে ২৫০ কর্মীকে ছাঁটাই করল অ্যামাজন। ডিভাইস ও সার্ভিসেস বিভাগে বড় ধাক্কা। প্রযুক্তি বিশ্বে ফের কর্মী কমানোর হিড়িক, জেনে নিন বিস্তারিত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরির বাজারে ফের দুঃসংবাদ। ফের ছাঁটাই। বিশ্বখ্যাত ই-কমার্স ও প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন-এর ডিভাইস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রায় ২৫০ জন কর্মীকে ছাঁটাই করা হল। ১০০০ জন ছাঁটাইয়ের পর আবার আরও ২৫০ জনের ছাঁটাই। সকালের প্রথম মেইলেই ছাঁটাইয়ের নোটিস! মর্নিং মেইলেই লে-অফের ঘোষণা।
মর্নিং মেইলেই ছাঁটাইয়ের নোটিস
অফিসের সময়ের বাইরে বা ছুটির দিনে ইমেইল পাঠিয়ে ছাঁটাইয়ের নোটিস ধরানো যেন রেওয়াজে পরিণত হয়েছে। মেটা, ওরাকেলের পর অ্যামাজনও এবার সেই একই পথে হাঁটল। সকালে ঘুম থেকে উঠতেই কর্মীরা দেখেন তাঁদের ইনবক্সে ছাঁটাইয়ের নোটিশ। এইচ আর ভিপি চেরি রবিনসনের সই করা ওই ইমেলে জানানো হয়, কোম্পানির অভ্যন্তরীণ কাঠামোর মূল্যায়নের পরই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। মেইলে লেখা, "আমরা একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছি। কিছু সংখ্যক পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি।" কোম্পানির কার্যক্ষমতা আরও বাড়াতে এবং ভবিষ্যতের লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বয় ঘটাতেই এই পদগুলি বিলুপ্ত করা হয়েছে বলেই জানানো হয়েছে সংস্থার তরফে
মূলত কোম্পানির ডিভাইস অ্যান্ড সার্ভিসেস বিভাগে এই ছাঁটাই করা হয়েছে। কিন্ডল ই-রিডার, একো স্মার্ট স্পিকার এবং আলেক্সা চালিত বিভিন্ন গ্যাজেটের মতো জনপ্রিয় পণ্যগুলোর দায়িত্বে রয়েছে এই ডিভাইস অ্যান্ড সার্ভিসেস ইউনিট। এর মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত কর্মীরাই ছাঁটাইয়ের শিকার হয়েছেন সবচেয়ে বেশি। এদিকে একদিকে যখন ছাঁটাই, তখন অন্যদিকে একই সময়ে অ্যামাজন নতুন অ্যালার্ম ক্লক এবং ফটো ফ্রেমের মতো বেশ কিছু নতুন গ্যাজেট বাজারে আনার ঘোষণাও করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার জেরেই ছাঁটাই
প্রযুক্তিতে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। আগেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য নতুন এআই গাইডলাইন তথা রুলবুকও প্রকাশ করেছিল অ্যামাজন। কিন্তু ক্রমবর্ধমান এআই প্রযুক্তির চাহিদা ও খরচ, দুয়ের মধ্যে ভারসাম্য রাখতেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খরচ কমানোর প্রবণতা থেকেই ঘন ঘন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সংস্থা, মত বিশেষজ্ঞদের। উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই অ্যামাজনের প্রধান রিটেল বা স্টোর বিভাগ থেকে প্রায় ১,০০০ কর্মী ছাঁটাই করা হয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)