ভবানন্দ সিং: সব লড়াই শেষ! ৬৮ দিনের লড়াইয়ের পর, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ মৃত্যুর কাছে হার মানলেন সিটংয়ের হোমস্টের বারবিকিউতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ চোপড়ার নিকিতা সাহা। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রেমের বিয়ের মাত্র ২ মাসেই শেষ সুখী সংসার সাজানোর স্বপ্ন। এই মৃত্যু শুধু একজনের জীবন থামিয়ে দিল না, চুরমার করে দিল দুজন মানুষের একসঙ্গে বাঁচার অসংখ্য স্বপ্ন।
৬৮ দিনের লড়াই শেষ
হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে অসম লড়াই করছিলেন নিকিতা। আর প্রতিটি মুহূর্তে তাঁর পাশে ছিলেন স্বামী সৌভিক দাস। একদিকে প্রিয় মানুষটিকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার আশা, অন্যদিকে ক্রমশ বাড়তে থাকা উদ্বেগ। শেষ পর্যন্ত নিজের চোখের সামনেই প্রিয় মানুষটিকে হারাতে হলো সৌভিককে। যে মানুষটির হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন, সেই মানুষটিকেই এভাবে চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন, তা হয়তো কল্পনাও করেননি তিনি। যে হানিমুনে পাহাড়ের বুকে নতুন স্মৃতি তৈরি হওয়ার কথা ছিল, সেই সফরই আজ তাঁদের জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক স্মৃতি হয়ে রইল।
দুঃস্বপ্নের হানিমুন
গত ১৩ সেপ্টেম্বরের ঘটনা। দার্জিলিং জেলার সিটংয়ে হানিমুনে গিয়ে ক্যাম্পফায়ারের আগুনে গুরুতর দগ্ধ হন নিকিতা। শরীরের প্রায় ৫০ শতাংশেরও বেশি পুড়ে গিয়েছিল তাঁর। দীর্ঘ চিকিৎসার পরেও শেষরক্ষা হল না। একদিকে নিকিতার পরিবারের কান্না, অন্যদিকে স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন সৌভিকও। বিয়ের পর ভালোবাসার মানুষের সঙ্গে হানিমুনে গিয়ে সুখস্মৃতির বদলে, তা ভালোবাসার মানুষটার জীবনেই দাঁড়ি টেনে দিল। একটা দুর্ঘটনা, আর মুহূর্তেই শেষ সাজানো স্বপ্নের সংসার। শোকের ছায়া নেমে এসেছে গোটা চোপড়াতেই।
প্রেম করে বিয়ের মাত্র দু’মাস হয়েছিল বয়স। নতুন সংসার, নতুন স্বপ্ন নিয়ে হানিমুনে গিয়েছিলেন পাহাড়ে। কিন্তু সেই আনন্দভ্রমণই পরিণত হয় মর্মান্তিক এক দুর্ঘটনায়। দার্জিলিং জেলার সিটং এলাকার হোমস্টে-তে বারবিকিউ করার সময় আগুনে গুরুতর দগ্ধ হন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি।
কীভাবে ঘটে দুর্ঘটনা?
পরিবার সূত্রে জানা গিয়েছে, চোপড়ার বাসিন্দা সৌভিক ও নিকিতা প্রেম করে বিয়ে করেছিলেন প্রায় দু’মাস আগে। বিয়ের পর হানিমুনে সিটংয়ে গিয়েছিলেন নবদম্পতি। পাহাড়ি এলাকার একটি হোমস্টেতে থাকার সময় রাতে বারবিকিউ করার আয়োজন করা হয়। অভিযোগ, সেই সময় হোমস্টে কর্মীদের গাফিলতির কারণেই আগুন ছড়িয়ে পড়ে ও ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে ঝলসে যান নিকিতা।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিকিতাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখান থেকে সংকটজনক অবস্থায় তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। এই ঘটনায় হোমস্টের ৩ জন কর্মীকে আগেই গ্রেফতার করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)