আকভানের দাপটে ব্যাপক শস্যহানি! জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর, জেলাশাসকদের থেকে রিপোর্ট তলব- ফসলের ক্ষতিতে ফোন করুন এই নাম্বারে
Suvendu Adhikari: ঘূর্ণিঝড় ‘আকভান’ ও টানা বৃষ্টি পরিস্থিতি মোকাবিলায় নবান্নে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফসলের ক্ষয়ক্ষতি জানাতে কৃষকদের জন্য ১৪৪৪৭ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
কমলাক্ষ ভট্টাচার্য: ঘূর্ণিঝড় আকভান এবং বাংলার বৃষ্টি পরিস্থিতি নিয়ে নবান্নের গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলার পুলিশ ও পুলিশ সুপার এবং জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকভানের সম্ভাব্য প্রভাব এবং রাজ্যের বৃষ্টি পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা সারেন মুখ্যমন্ত্রী। জেলাভিত্তিক পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ মোকাবিলায় পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার উপর গুরুত্ব দেন। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্ক থাকার নির্দেশ দেন জেলা প্রশাসনকে। জেলায় জেলায় চাষের জমি ও ফসলের কি ক্ষয়ক্ষতি সেটার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শস্যহানির ঘটনা ঘটেছে। তাতে উদ্বিগ্ন রাজ্য সরকার। পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র জানতে সমস্ত জেলা শাসকের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত তথ্য সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকদের ১৪৪৪৭ নম্বরে ফোন করে ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কৃষি দপ্তর সূত্রে খবর, আবহাওয়ার উন্নতি হলেই ফসলের ক্ষয়ক্ষতি সমীক্ষা শুরু হবে। কোথায় কতটা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ—এসব তথ্য সংগ্রহ করে দ্রুত রাজ্য সরকারের কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ঝড়ের সকালে দীঘার কাছে উত্তাল সমুদ্রে বিকল ট্রলারের ইঞ্জিন! ১৫ মৎস্যজীবী-সহ ট্রলারটি...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)