১১০ মিমি পর্যন্ত বৃষ্টির রক্তচক্ষু! তিন টুকরো নিম্নচাপ আখবানের দাপটে ভাসছে বাংলা, কবে কাটবে দুর্যোগ?
Cyclone Akvan Update: রবিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ মুর্শিদাবাদ জেলায় দুপুরের পর ভারী বৃষ্টি। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সোমবার দুপুরের পর থেকে পরিষ্কার আকাশ।
অয়ন ঘোষাল: আখবান এই মুহূর্তে একটি সুস্পষ্ট নিম্নচাপ। এটি তিন ভাগে বিভক্ত। একটি অংশ ওড়িশা উপকূল বরাবর উত্তর-উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। দ্বিতীয় অপেক্ষাকৃত দুর্বল অংশ ঝাড়খণ্ড-ছত্তিসগঢ় সীমান্তবর্তী এলাকায়। তৃতীয় অপেক্ষাকৃত শক্তিশালী অংশ এখনও পশ্চিমবঙ্গের ওপরে। আজ দুপুরের মধ্যে কচ্ছপের গতিতে বাংলাদেশের দিকে এগোবে।
অকাল বর্ষণ
অগ্রহায়ণের অকাল বর্ষণ চলবে সোমবার পর্যন্ত। তবে গতকালের মতো বৃষ্টির ব্যাপকতা থাকবে না। কমবে পরিমাণও। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি এবং উপকূলে মাঝারি থেকে কোনও কোনও সময় দুই এক পশলা ভারী বৃষ্টি। আজ তুলনামূলক বেশি বৃষ্টি হবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে এবং পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। আজ মুর্শিদাবাদ জেলায় দুপুরের পর ভারী বৃষ্টি। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
কবে থামবে এই দুর্যোগ?
আগামীকাল রবিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার প্রবণতা থাকবে। কাল বিকেলের পর এই পূবালী জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার দাপট কমবে।
পরশু সোমবার বিকেলের পর বঙ্গে লক্ষ্যণীয় আবহাওয়া উন্নতি। মঙ্গলবার সকাল থেকে ঝলমলে মেঘমুক্ত হেমন্তের আকাশ। সেদিন রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য করে নিম্নমুখী হবে। আগামী শুক্রবারের মধ্যে রাতের তাপমাত্রা জেলায় জেলায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
শীতল দিনের পরিস্থিতি
দিনের তাপমাত্রা গতকাল স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি নেমে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি করেছিল। কাল রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দিনের তাপমাত্রা চড়চড় করে বেড়ে ফের স্বাভাবিকের ঘরে পৌঁছাবে।
বৃষ্টি কমবে কলকাতায়
কলকাতায় আজ থেকে উল্লেখযোগ্যভাবে বৃষ্টি কমবে। কার্যত পরশু ভোর থেকে গতকাল রাত পর্যন্ত কমবেশি অবিরাম বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি আজ বিরতি নিয়ে নিয়ে হবে। তবে আকাশ সম্পূর্ণ মেঘলা থাকতে পারে আজ সারাদিন। কাল রবিবার প্রায় সারাদিন আংশিক মেঘলা আকাশ। খুব সামান্য বৃষ্টি। সোমবার দুপুরের পর থেকে পরিষ্কার আকাশ।
ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষিকাজে
কৃষিকাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অগ্রহায়ণের অকাল বর্ষণে। পাশাপাশি শাপে বর পেয়েছে কলকাতার বাতাস। কালীপুজোর পরের দিন শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ২৭৯ পয়েন্ট স্পর্শ করে বিপদসীমার ওপরে পৌঁছে গিয়েছিল। গতকাল বৃষ্টির পর সেই ইনডেক্স অর্থাৎ AQI নেমে এসেছে ৩৯ পয়েন্টে। বাতাসে কমেছে ভাসমান ধূলিকণা এবং ভাসমান টক্সিক গ্যাসের পরিমাণ।
আরও পড়ুন: ঝড়ের সকালে দীঘার কাছে উত্তাল সমুদ্রে বিকল ট্রলারের ইঞ্জিন! ১৫ মৎস্যজীবী-সহ ট্রলারটি...
আরেকটি ঘূর্ণিঝড়
বঙ্গোপসাগর লাগোয়া শ্রীলঙ্কা সাগরে আগামী ২৭ নভেম্বর আরেকটি ট্রপিক্যাল সিস্টেমের ইঙ্গিত দিয়েছে বেশ কিছু বেসরকারি আবহাওয়া গবেষণা মডেল। এরমধ্যে ২ টি মডেল দাবি করেছে এই সিস্টেম আরেকটি ঘূর্ণিঝড় তৈরি করতে চলেছে। সেই ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলে ল্যান্ড ফল করতে পারে ৪ ডিসেম্বর মধ্যরাতে। আবার আরেকটি মডেলের দাবি, শ্রীলঙ্কা সাগরে তৈরি হলেও শেষ পর্যন্ত ওই ঘূর্ণিঝড় পুদুচেরি হয়ে আরব সাগরের দিকে যাবে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে আজ আখবান ঘটিত নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস। আজ মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। দক্ষিণ দিনাজপুরে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। মালদা এবং দুই দিনাজপুরে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা। উত্তরবঙ্গে নীচের দিকের জেলায় সোমবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি। মঙ্গলবার থেকে গোটা উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া। ধাপে ধাপে কমবে রাতের তাপমাত্রা।
গভীর নিম্নচাপ এই মুহূর্তে বাংলার উপকূলীয় এলাকায় অবস্থান করার জন্য আজ ২১ নভেম্বর সারাদিন বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)