অয়ন ঘোষাল: সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি। আজ থেকেই শুরু দুর্যোগ। আবহাওয়া দফতররে পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। তারমধ্যে তুলনামূলক বেশি বৃষ্টি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের সতর্কতা। বৃষ্টি চলাকালীন সমতলে ৩০ থেকে ৪০ এবং উপকূলে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আগামিকাল শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। কাল পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল ভারী থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া কলকাতা এবং হাওড়া জেলায়।
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের সতর্কতা। শনিবার তুলনামূলক বেশি বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার উপকূল এবং পশ্চিমাঞ্চলের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। উপকূল ছাড়া অন্যত্র হাওয়ার গতিবেগ উল্লেখযোগ্য নয়।
মঙ্গলবার থেকে আবহাওয়ার লক্ষ্যণীয় উন্নতি। উল্লেখযোগ্য কোনো বৃষ্টি বা আগাম কোনো সতর্কতা নেই কোনো জেলায়। উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের থেকে বিচ্ছিন্ন মেঘপুঞ্জের কারণে কাল শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া।
আরও পড়ুন-শুক্রবার দুপুরেই আগেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আখভান, জেনে নিন বাতাসের সর্বোচ্চ গতি
শনিবার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। সোমবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া। সেদিন রাত থেকেই উত্তরবঙ্গের সমতলে এবং ডুয়ার্সে সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা।
ঘূর্ণিঝড়ের ধীর এবং খামখেয়ালি গতিই কি বৃষ্টির মেয়াদ বাড়ালো দক্ষিণবঙ্গে?
এই ক্ষেত্রেও অবস্থান পাল্টেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রথমে বলা হয়েছিল শনিবার পর্যন্ত বৃষ্টি হবে। রবিবার বৃষ্টি হলেও তার পরিমাণ এবং ব্যাপকতা অনেকটা কমে আসবে। টাটকা পূর্বাভাসে সেই বৃষ্টির মেয়াদ বাড়ল সোমবার সন্ধ্যে পর্যন্ত। এর নেপথ্যেও রয়েছে আখভানের খামখেয়ালি আচরণ। বিস্তর মেঘপুঞ্জ ঘূর্ণিঝড়ের আবর্ত থেকে বেরিয়ে গেছে। সেগুলো ধাবমান ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের দিকে। পরবর্তী সময় যা যেতে চলেছে বাংলাদেশের দিকে। ফলে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে যেটুকু বৃষ্টিপাতের আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল তার থেকে বেশি বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। উপকূল, গাঙ্গেয় বাংলা এবং পশ্চিমাঞ্চলের জেলায় ঘুরিয়ে ফিরিয়ে রেইনি ডে পরিস্থিতি হতে চলেছে আগামী সোমবার সন্ধ্যে পর্যন্ত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)