অয়ন ঘোষাল: শক্তি সঞ্চয় প্রক্রিয়া শেষ করে ঘূর্ণিঝড় আখভান স্থলভাগের দিকে এগোচ্ছে। আগামীকাল আনুমানিক বেলা ১১টা থেকে সাড়ে ১২টা নাগাদ ঘণ্টায় ৯০ থেকে সর্বাধিক ১০০ কিলোমিটার গতিবেগে এটির ল্যান্ড ফল হতে পারে। সেইসময় হওয়ার গতি থাকতে পারে ১০৫ থেকে ১১০ কিলোমিটার। আগামীকাল শুক্রবার মধ্যাহ্নের আগে এই ঘূর্ণিঝড় অন্ধ্রের নারসাপুর ও ওড়িশার পুরীর মধ্যে দিয়ে অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের কোনো একটি অঞ্চল দিয়ে ভূমিভাগে প্রবেশ করবে অর্থাৎ ল্যান্ড ফল করবে। তারপর এর শক্তিক্ষয় হবে।
দক্ষিণবঙ্গে
ঘূর্ণিঝড় আখভানের কারণে আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। তারমধ্যে তুলনামূলক বেশি বৃষ্টি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের সতর্কতা। বৃষ্টি চলাকালীন সমতলে ৩০ থেকে ৪০ এবং উপকূলে ৪৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার
কাল শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। কাল পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল ভারী থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া কলকাতা এবং হাওড়া জেলায়।
শনি-রবি
পরশু শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাতের সতর্কতা। শনিবার তুলনামূলক বেশি বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার উপকূল এবং পশ্চিমাঞ্চলের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। উপকূল ছাড়া অন্যত্র হাওয়ার গতিবেগ উল্লেখযোগ্য নয়। মঙ্গলবার থেকে আবহাওয়ার লক্ষ্যণীয় উন্নতি। উল্লেখযোগ্য কোনো বৃষ্টি বা আগাম কোনো সতর্কতা নেই কোনো জেলায়। বুধবার রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমবে।
উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের থেকে বিচ্ছিন্ন মেঘপুঞ্জের কারণে কাল শুক্রবার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া। শনিবার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। সোমবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া। সেদিন রাত থেকেই উত্তরবঙ্গের সমতলে এবং ডুয়ার্সে সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)