কথা রেখে নবদ্বীপে মুখ্যমন্ত্রী! রাসে বড় চমক, একাধিক পুজোর উদ্বোধনে শুভেন্দু
CM Suvendu Adhikari: আজ নবদ্বীপে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরের শুরুতে তিনি প্রাচীন মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে পুজো দেবেন। এরপর যোগনাথতলায় গৌরাঙ্গিনী পুজো, কুটিরপাড়ায় ভারতমাতা পুজো এবং শেষে বড় শ্যামা পুজোর উদ্বোধন করবেন তিনি।
কমলাক্ষ ভট্টাচার্য: কথা দিয়েছিলেন, কথা রাখছেন। জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর-চন্দননগর ঘুরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ২২ তারিখ রাসে যাবেন নবদ্বীপে। সেইমতোই রাস পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে নবদ্বীপে আসছেন মুখ্যমন্ত্রী।
নবদ্বীপে পৌঁছে প্রথমেই তিনি যাবেন প্রাচীন মায়াপুরে। সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান মন্দিরে দর্শন ও পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি যাবেন যোগনাথতলায়। সেখানে গৌরাঙ্গিনী পুজোর উদ্বোধন করবেন তিনি। তারপর কুটিরপাড়ায় মুক্তি সূর্য ক্লাবের উদ্যোগে ভারতমাতা পুজোর উদ্বোধনের কর্মসূচি রয়েছে। শেষে বড় শ্যামা পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মাঝে নবদ্বীপ শহরের পোড়ামাতলায় গিয়ে পোড়ামাকেও পুজো দিতে পারেন তিনি।
আরও পড়ুন: বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল
রাস শুধু নবদ্বীপের উৎসব নয়, বাংলার ঐতিহ্য। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী, চন্দননগরের জগদ্ধাত্রীর পর নবদ্বীপ-শান্তিপুরের রাসে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সেই ধারাবাহিকতাকেই তুলে ধরছে।
একদিকে মহাপ্রভুর জন্মস্থানে দর্শন - ভক্তি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। অন্যদিকে গৌরাঙ্গিনী, ভারতমাতা, বড় শ্যামা পুজোর উদ্বোধন - সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে আধুনিক বাংলার যোগ।
রাজনৈতিক মহলের মতে, এই সফর দিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাইছেন- উৎসব, ঐতিহ্য আর উন্নয়ন, তিনটেই একসঙ্গে চলবে। এই সফরকে কেন্দ্র করে নবদ্বীপজুড়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তা ব্যবস্থা থেকে রাস উৎসবের আয়োজন, সবকিছুতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন দেখার, মুখ্যমন্ত্রীর এই সফর নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবে কতটা বাড়তি উন্মাদনা তৈরি করে।
আরও পড়ুন: সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)